স্বাধীন কন্ঠ ডেস্ক
হেফাজতে ইসলামের তত্ত্বাবধানে কওমিভিত্তিক সাতটি ইসলামি দলের সমন্বয়ে ‘সমমনা ইসলামি দল’ নামে একটি নতুন রাজনৈতিক জোট গঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে রাজধানীর খিলগাঁওয়ে অবস্থিত মাখযানুল উলূম মাদ্রাসায় আয়োজিত এক যৌথ বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে এই জোটের আত্মপ্রকাশ ঘটে।
নতুন গঠিত এই জোটের অন্তর্ভুক্ত ৭টি ইসলামি দল হলো-ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ,
ইসলামী ঐক্যজোট, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।
হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান নতুন এই জোট গঠনের বিষয়টি নিশ্চিত করে জানান, উল্লেখিত ৭টি দল এখন থেকে একই প্ল্যাটফর্মে থেকে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে একসঙ্গে কাজ করার ব্যাপারে একমত হয়েছে।
অন্যান্য জোটে থাকা দলগুলোর অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন, জোটে অন্তর্ভুক্ত যেসব দল পূর্বে অন্য কোনো রাজনৈতিক জোটে যুক্ত ছিল, তারা সেই জোট ত্যাগ করে এই ‘সমমনা ইসলামী দল’ প্ল্যাটফর্মে যুক্ত হতে সম্মত হয়েছে। তিনি আরও জানান, নতুন জোটের নীতি নির্ধারণ ও পরবর্তী করণীয় ঠিক করতে আগামী ৫ ডিসেম্বর সাত দলের পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে।
জানা গেছে, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ঐক্যবদ্ধভাবে অংশ নেওয়ার লক্ষ্যেই মূলত গত কয়েক মাস ধরে এই জোট গঠনের প্রক্রিয়া চলছিল। সর্বশেষ জাতীয় নির্বাচনে কওমিধারার এসব দল বিএনপি ও জামায়াতের সঙ্গে জোটে অংশ নিলেও, আসন্ন দলীয় প্রতীকবিহীন স্থানীয় নির্বাচনে বিএনপি ও জামায়াত পৃথকভাবে একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত জানায়। এই বাস্তবতায় স্থানীয় নির্বাচনে নিজেদের একক শক্তি বজায় রেখে লড়াই করতে হেফাজতে ইসলামের মধ্যস্থতায় কওমিপন্থি দলগুলো এই নতুন রাজনৈতিক জোট গঠন করলো।
