পরিবারের অভাব দূর করতে চট্টগ্রামে পাড়ি জমিয়েছিলেন ফরিদপুরের বোয়ালমারীর যুবক মো. ফরহাদ শেখ (৩৫)। শ্রমিকের কাজ করে উপার্জন করতেন, স্বপ্ন দেখতেন পরিবারের মুখে হাসি ফোটানোর। কিন্তু সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই থেমে গেল তাঁর জীবন।
বুধবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম নগরের খুলশী থানার আমবাগান এলাকায় রেললাইনের আপ ও ডাউন লাইনের মাঝখান থেকে ফরহাদের মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। তাঁর মৃত্যুর খবরে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চুকিনগর গ্রামের বাড়িতে শোকের মাতম চলছে।
ফরহাদ শেখ বোয়ালমারী উপজেলার চুকিনগর গ্রামের শারীরিক প্রতিবন্ধী সোহরাব শেখের ছেলে। পরিবারের জীবিকার তাগিদে তিনি চট্টগ্রামে শ্রমিকের কাজ করতেন। পরিবারের সচ্ছলতা ফেরানোর আশায় দূর শহরে পাড়ি জমালেও শেষ পর্যন্ত সেখান থেকেই ফিরতে হলো তাঁর নিথর দেহ।
চট্টগ্রাম রেলওয়ে পুলিশের সদস্য শহিদুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, ২২ অক্টোবর সকালে আমবাগান এলাকার রেললাইনের পাশের একটি হোটেলে নাশতা শেষে রেললাইন ধরে হাঁটছিলেন ফরহাদ। সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা অভিমুখী একটি ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনায় ফরহাদের একটি হাত ও একটি পা ভেঙে যায়। মাথায়ও গুরুতর আঘাতের চিহ্ন ছিল। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে তাঁর সঙ্গে থাকা পরিচয়পত্র ও মুঠোফোনের মাধ্যমে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়।
প্রিয়জনের মৃত্যুর খবর পেয়ে স্বজনেরা চট্টগ্রামে ছুটে যান। ওই দিন রাতেই মর্গে ফরহাদের মরদেহ শনাক্ত করেন তাঁরা। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
ফরহাদের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ স্বজন ও প্রতিবেশীরা। পরিবারের সচ্ছলতা ফেরাতে যে মানুষটি দূর শহরে শ্রম বিক্রি করতেন, তাঁর এমন করুণ পরিণতি মেনে নিতে পারছেন না কেউই। পরিবারের জন্য উপার্জন করতে গিয়ে অকালে ঝরে গেল একটি প্রাণ, থেমে গেল তাঁর ঘিরে রাখা স্বপ্নগুলোও। ফরহাদের মৃত্যুতে চুকিনগর গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।
এমএ
