ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৬৮৪ জন গ্রেফতার এবং ৪৪ টি মামলা দায়ের করা হয়েছে।
আজ শনিবার ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।
তাদের মধ্যে রমনা বিভাগ ৩৮, লালবাগ বিভাগ ৪৭, ওয়ারী বিভাগ ৮৭, মতিঝিল বিভাগ ৭৮, তেজগাঁও বিভাগ ১১০, মিরপুর বিভাগ ২০৬, গুলশান বিভাগ ৭৮, উত্তরা বিভাগ ৩২, এসআরইউ বিভাগ ৪ ও গোয়েন্দা বিভাগ ৪ জনকে গ্রেফতার করেছে।
অভিযানকালে ২ হাজার ৫০৮ পিস ইয়াবা, ২৩ কেজি গাঁজা, ৪৯৮ গ্রাম হেরোইন, ১৮টি মোবাইল ফোন, ৭৯টি সিম, একটি মোটরসাইকেল, একটি অটোরিক্সা (৪টি ব্যাটারিসহ), নগদ ৩২ হাজার ৫৩০ টাকা, ১০৪টি জুয়া খেলার কার্ড, আটটি খাতা ও গাঁজা ভর্তি কলকীসহ কাটার উদ্ধার করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
