রাজশাহীর দুর্গাপুরে ধানক্ষেত ইঁদুরের হাত থেকে রক্ষা করতে পাতানো বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে মিজানুর রহমান (৩২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার আন্দুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মিজানুর রহমান উপজেলার গৌরিহার গ্রামের কাশেম আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ধানখেত ইঁদুরের আক্রমণ থেকে রক্ষা করতে পাশের জমির মালিক সানু বেগম জিআই তারে বিদ্যুতের সংযোগ দিয়ে ফাঁদ পেতে রেখেছিলেন। রোববার দুপুরে পাশাপাশি জমিতে কাজ করার সময় ওই বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন মিজানুর। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
