দুই মাস বন্ধ থাকার পর আবারও দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি থেকে কয়লা উত্তোলন শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার নতুন ১৪০৫ নম্বর কূপ (ফেইজ) থেকে পরীক্ষামূলকভাবে কয়লা উত্তোলন শুরু হলেও আজ শুক্রবার সকাল থেকে পুরোদমে কয়লা উত্তোলন প্রক্রিয়া শুরু হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভূগর্ভের ১৩০৯ নম্বর পুরোনো কূপের কয়লা শেষ হয়ে যাওয়ায় গত ১২ আগস্ট থেকে খনিতে কয়লা উত্তোলন বন্ধ রাখা হয়। ওই কূপ থেকে সর্বমোট ৪ লাখ ১৫ হাজার মেট্রিক টন কয়লা উত্তোলন করা হয়েছিল। এরপর নতুন ফেইজে উৎপাদন শুরুর প্রস্তুতি হিসেবে পুরোনো ফেইজ থেকে প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থানান্তর এবং বিভিন্ন কারিগরি কাজ সম্পন্ন করতে প্রায় দুই মাস সময় লাগে। এসব কাজ শেষ হওয়ার পর গতকাল নতুন ১৪০৫ নম্বর কূপ থেকে প্রাথমিকভাবে ২১৫ মেট্রিক টন কয়লা উত্তোলন করার পর আজ সকাল থেকে পুরোদমে উৎপাদন শুরু হয়েছে।
খনির ইয়ার্ডে বর্তমানে প্রায় ৬ লাখ মেট্রিক টন কয়লা মজুদ রয়েছে বলে জানিয়েছে খনি কর্তৃপক্ষ।বড়পুকুরিয়া কয়লা খনির মহাব্যাবস্থাপক (মাইনঅপারেশন) খান মো. জাফর সাদিক বলেন, ‘বৃহস্পতিবার ভোর থেকে প্রাথমিকভাবে খনি ভূগর্ভের নতুন কূপ ১৪০৫ থেকে কয়লা উত্তোলন কার্যক্রম শুরু করা হয়েছে। নতুন কূপ থেকে প্রায় ২ লাখ ৮০ হাজার মেট্রিক টন কয়লা উত্তোলনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।’
