নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ স্কাউটস যশোর জেলা রোভারের আয়োজনে যশোরে দিনব্যাপী ‘ডে ক্যাম্প-২০২৬’ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) যশোর পৌর পার্কে আয়োজিত এই ক্যাম্পে জেলার ৪৩টি কলেজের ৩৩১ জন রোভার ও গার্ল-ইন-রোভার এবং ৪৩ জন রোভার নেতা অংশগ্রহণ করেন।
দিনব্যাপী এই ক্যাম্পে বিদ্যুৎ সাশ্রয়, ডেঙ্গু প্রতিরোধ, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় রোভারদের করণীয় ও সামাজিক দায়িত্বের ওপর বিস্তারিত আলোচনা করা হয়।
যশোর জেলা রোভারের সহসভাপতি অধ্যক্ষ এ জেড ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা ও সঞ্চালনা করেন যশোর জেলা রোভার স্কাউটের সাধারণ সম্পাদক মো. আবু সাঈদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রোভার অঞ্চলের সাবেক সহ-সভাপতি সৈয়দ আযহারুল ইসলাম, রোভার অঞ্চলের সহসভাপতি অধ্যাপক শহিদুল ইসলাম, পিবিআইয়ের পুলিশ সুপার রেক্সোনা, অধ্যক্ষ তরিকুল ইসলাম এবং অধ্যক্ষ জয়ন্ত কুমার বিশ্বাস।
আলোচনা সভায় প্রধান অতিথি ও অন্যান্য বক্তারা দৈনন্দিন জীবনে বিদ্যুৎ সাশ্রয়ের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর বিশেষ জোর দেন। বক্তারা যেকোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় রোভারদের পূর্বের ন্যায় দায়িত্বশীল ও মানবিক ভূমিকা পালনের আহ্বান জানান।
ক্যাম্পের বিভিন্ন শিক্ষামূলক আলোচনা ও সচেতনতামূলক সেশনের মাধ্যমে রোভারিংয়ের মূলনীতি, সামাজিক দায়বদ্ধতা এবং মানবিক মূল্যবোধের বিষয়গুলো তুলে ধরা হয়। আয়োজকরা সমাজসেবামূলক ও মানবকল্যাণমুখী কর্মকাণ্ডে রোভার ও গার্ল-ইন-রোভারদের আরও সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়ে ক্যাম্পের সমাপ্তি ঘোষণা করেন।
