কুমিল্লায় বহুল আলোচিত সপ্তম শ্রেণির শিক্ষার্থী অপ্রতিম হত্যা মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে এবং চলতি সপ্তাহেই আদালতে এর অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হবে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় যুবদল নেতা আবু কাউছার হত্যা মামলার সার্বিক বিষয় জানাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশ সুপার এই কথা জানান।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আরও জানান, শুক্রবার (১৬ অক্টোবর) কুমিল্লা মহানগরীর ছত্রখিল এলাকায় পানি উন্নয়ন বোর্ডের জায়গা নিয়ে বিরোধের জেরে যুবদল নেতা আবু কাউছারকে কুপিয়ে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত তৌহিদুল ইসলাম ওরফে তৌহিদ ও তার আপন ভাই তানজীরকে গ্রেপ্তার করেছে পুলিশ ও এসআরবি। নগরীর নুরপুর এলাকা থেকে তৌহিদ ও ব্রাহ্মণবাড়িয়া থেকে তানজীরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তৌহিদের বিরুদ্ধে হত্যাসহ সাতটি মামলা ও তানজীরের বিরুদ্ধে একটি মামলা রয়েছে। এই ঘটনায় এক অটোরিকশাচালক গুরুতর আহত হলেও বর্তমানে তিনি আশঙ্কামুক্ত বলে জানা গেছে। হত্যাকাণ্ডে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
সংবাদ সম্মেলনে এসআরবি কুমিল্লা কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম, অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান ও পঙ্কজ বড়ুয়া উপস্থিত ছিলেন।
