কালবেলা · অর্থনীতি
নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকে আগুন
১৪/১০/২০২৬

নেত্রকোনার সদর উপজেলায় গ্রামীণ ব্যাংকের মৌগাতী শাখা অফিসে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ব্যাংকের বারান্দার একটি কক্ষে রাখা দুটি মোটরসাইকেল ও অফিসিয়াল রেকর্ড ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে।
বুধবার (১৩ অক্টোবর) দিনগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানায়, বুধবার রাত ৩টার দিকে গ্রামীণ ব্যাংকের দোতলা ভবনের নিচতলার জানালার একটি কক্ষে বিস্ফোরণ শব্দ শুনতে পান কেয়ারটেকার মোহাম্মদ আইনুদ্দিন। পরে আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করলে দোতলায় ঘুমন্ত অবস্থায় অফিসের স্টাফ সুব্রত নিচে নেমে এলে তার ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে স্থানীয় লোকজন ও ব্যাংকের লোকজন ফায়ার সার্ভিসে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় ব্যাংকের শাখা ব্যবস্থাপক মনজুর আহমেদ বলেন, আমি রাতে ময়মনসিংহে অবস্থান করছিলাম, সকালে ঘটনাস্থলে আসি। এর আগে রাতে আগুন লাগার খবর পেয়ে পুলিশকে জানাই। পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে। আগুন লাগার প্রকৃত কারণ সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না। আগুনে অফিসের দুটি মোটরসাইকেল ও ২০০৫ সাল থেকে সংরক্ষিত নথিসহ মূল্যবান কাগজপত্র ও আসবাবপত্র পুড়ে গেছে।
নেত্রকোনা ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ জাকির হোসেন বলেন, ‘বুধবার রাত ৩টায় চুঁচুয়া বাজারে গ্রামীণ ব্যাংকে আগুন লাগার ঘটনায় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি।’
আগুন লাগার কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি আরও বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে, আবার ঘটনাস্থলে আমরা বোতল দেখতে পেয়েছি অনেকটা পেট্রোল বোমা সদৃশ, তবে নিশ্চিত করে বলা যাচ্ছে না। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে, তদন্ত সাপেক্ষে হয়তো জানা যাবে।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোতলসহ আলামত সংগ্রহ করেছে। কীভাবে আগুন লেগেছে তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলা শেষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
মূল প্রতিবেদনে যান ↗