
রাজধানীর গেন্ডরিয়া এলাকায় মাদকবিরোধী অভিযানে গিয়ে নিজের অস্ত্র প্রদর্শনের ঘটনায় সমালোচনার মুখে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।
সোমবার (১৯ অক্টোবর) বেলা দুইটায় জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংসাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন তিনি নিজেই। এ সময় তিনি তার পদত্যাগের সিদ্ধান্তের বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন।
ইশরাক হোসেন বলেন, আমি ইশরাক হোসেন ঢাকা-৬ আসন থেকে জনগণের ভোটে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য। গত ১২ ফেব্রুয়ারি তারিখ শপথ নিয়েছে। প্রধানমন্ত্রী আমাকে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেন। সেই অনুযায়ী দায়িত্ব পালন করে আসছি। গত ২ দিন একটি বিষয় নিয়ে দেশি-বিদেশি গণমাধ্যমে খবর প্রকাশিত হয়ে আসছে। সেই বিষয়টি নিয়ে বিস্তারিত বলতে আজকের সংবাদ সম্মেলন।
তিনি বলেন, আজকের দিন হতে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছি প্রধানমন্ত্রীর কাছ থেকে। তিনি সেই সুযোগ দিয়েছেন। আজকে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করি। সেখানে প্রধানমন্ত্রীকে বলেছি, আমি পদত্যাগ করতে চাই। আমার মাদকবিরোধী অভিযান চলমান থাকবে। আমার কারণে যেন আপনার এবং সরকারের কর্মকাণ্ড ম্লান না হয়।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইশরাক বলেন, ‘বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে, তবে মাদকের বিরুদ্ধে যুদ্ধ চলবে। মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতেই গিয়েই আজকের এই পরিস্থিতি। যেখানে আমাকে মন্ত্রীসভা থেকে দলের ইচ্ছার বিরুদ্ধেই পদত্যাগ করতে হচ্ছে। দল চায়নি আমি নিজে থেকেই এই সিদ্ধান্ত নিয়েছি। এখন থেকে আমি আরও বেশি আগ্রাসী হয়ে মাঠে নামবো, মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবো।’
এর আগে নিজ বাড়ি থেকে থেকে বের হওয়ার সময় নিজেই নিজের গাড়ি থেকে মন্ত্রীর মনোগ্রাম খুলে ফেলেন তিনি।
গত শনিবার রাজধানীর গেন্ডারিয়া রেললাইন সংলগ্ন এলাকায় অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নেমে বিতর্কের জন্ম দেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী। এরপর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে সমালোচনার ঝড় ওঠে। এর জেরে রোববার মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।
The post প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনের পদত্যাগের ঘোষণা appeared first on অর্থসূচক.
