উখিয়ায় ২০ হাজার ইয়াবাসহ আটক ১
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
- আপডেট সময় : ১০:৫১:১৩ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
কক্সবাজারের উখিয়ায় ২০ হাজার ইয়াবাসহ বেলাল হোসেন (২৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার পালংখালী সীমান্ত এলাকায় ৬৪ বিজিবির বিশেষ টহল দল অভিযান চালিয়ে তাঁকে আটক করে।
আটক বেলাল হোসেন উখিয়ার আঞ্জুমানপাড়া গ্রামের নুর হোসেনের ছেলে।
৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পালংখালী বিওপির বিশেষ টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় মিয়ানমারের দিক থেকে গামছায় মোড়ানো পোটলা হাতে এক ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে টহল দলের সদস্যদের সন্দেহ হয়।
বিজিবি সদস্যরা তাঁকে চ্যালেঞ্জ করলে তিনি পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে তাঁকে আটক করা হয়। তাঁর হাতে থাকা পোটলা তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো দুটি কার্টনে ২০ হাজার ইয়াবা পাওয়া যায়।
বিজিবির ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেলাল জানিয়েছেন, মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে তিনি সেগুলো বহন করছিলেন।
লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, মাদক সরবরাহ ও চোরাচালানে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
