রাওয়ালপিন্ডিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ম্যাচে মঙ্গলবার অসামান্য পারফরম্যান্স উপহার দিলেন আরাফাত মিনহাস। ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের ৮৭ রানের বড় জয়ে মূল ভূমিকা রাখলেন তিনি। ব্যাট হাতে ক্যারিয়ারের প্রথম ওয়ানডে ফিফটি হাঁকানোর পাশাপাশি ক্যারিয়ারসেরা বোলিংয়ে ৬ উইকেট শিকার করলেন এই অলরাউন্ডার।
হাসান নাওয়াজের ৭৪ বলে ৭৯ ও মিনহাসের ৫৮ বলে ৫৯ রানের ইনিংসের সুবাদে ৯ উইকেটে ৩০২ রানের সংগ্রহ পায় পাকিস্তান। জবাব দিতে নেমে মিনহাসের বাঁ-হাতের স্পিন ভেল্কিতে ৩৮.৪ ওভারে ২১৫ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। ব্যাটিংয়ে আলো ছড়ানোর পর বল হাতে ৪০ রানে ৬ উইকেট নেন মিনহাস। ইংল্যান্ডের শেষ ব্যাটারকে রানআউট করে নিজের জন্য দুর্দান্ত একটি দিনের সমাপ্তি টানেন তিনি।
এর আগে দুই ওপেনার টম ব্যান্টন (৫৩ বলে ৫৭ রান) ও বেন ডাকেটের (৪৬ বলে ৪৫ রান) ব্যাটে ভর করে ইংল্যান্ড ভালো সূচনা পেলেও পরবর্তীতে খেই হারিয়ে ফেলে। মাত্র ৯৫ রান তুলতেই শেষ ৯ উইকেট হারিয়ে ধসে পড়ে তারা।
৯১ রানে প্রথম উইকেটের পতনের পর মিনহাসের ঘূর্ণিতে কুপোকাত হয় ইংলিশরা। ব্যান্টন ও অধিনায়ক হ্যারি ব্রুককে ফেরানোর পাশাপাশি জর্ডান কক্সকে ছেঁটে ফেলেন তিনি। এরপর উইল জ্যাকস ও জেমি ওভারটনকে আউট করে ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় ফাইফার পূর্ণ করেন। তার ষষ্ঠ ও শেষ শিকার হন আদিল রশিদ। দুটি উইকেট দখল করেন পেসার হারিস রউফ। জো রুটকে (৩৫ বলে ৩৩ রান) বিদায় করেন আরেক পেসার নাসিম শাহ।
সিরিজের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে ৩৭ রানে হারিয়েছিল পাকিস্তান। টানা দ্বিতীয় জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে নিজেদের অবস্থান মজবুত করল শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বাধীন দল। একটি করে ম্যাচ খেলা শ্রীলঙ্কা ও ইংল্যান্ড এখনও কোনো পয়েন্ট পায়নি।
টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ১৩৩ রানে ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়েছিল পাকিস্তান। সেখান থেকে দলকে টেনে তোলেন নাওয়াজ ও মিনহাস। ষষ্ঠ উইকেটে ৭৮ রান যোগ করেন তারা। তিনটি ক্যাচ মিসের মাশুল গুনে ইংল্যান্ড এই জুটি আগেভাগে ভাঙতে ব্যর্থ হয়। এরপর সপ্তম উইকেটে ফাহিম আশরাফের (২৬ বলে ৩৯ রান) সঙ্গে মূল্যবান ৭২ রানের আরেকটি জুটি গড়েন মিনহাস। ইনিংসের শেষ ১০ ওভারে ঝড় তুলে ৯১ রান যোগ করে পাকিস্তান।
এছাড়া, স্বাগতিকদের হয়ে বাবর আজম ৫২ বলে ৩৪ ও সাদ বেগ ৫৪ বলে ৩৫ রান করেন। ইংল্যান্ডের পক্ষে সনি বেকার ৬৫ রানে ৩ ও গাস অ্যাটকিনসন ৩৫ রানে ২ উইকেট শিকার করেন।
আগামী বৃহস্পতিবার একই ভেন্যুতে সিরিজের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে ইংল্যান্ড।
