মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তোলার ইঙ্গিত দিচ্ছে রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’। ছবিটি মুক্তির প্রথম দিনেই ভারতে ৯০ কোটি রুপি আয় করতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন বাণিজ্য বিশ্লেষক রমেশ বালা। শুধু তাই নয়, প্রথম সপ্তাহান্তে ভারতে ছবিটির আয় ২৫০ কোটি রুপি ছাড়াতে পারে বলেও আশা করা হচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী,ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, অগ্রিম টিকিট বিক্রি থেকে বিশ্বজুড়ে এখন পর্যন্ত প্রায় ৪০ কোটি রুপি আয় করেছে ছবিটি। এর মধ্যে শুধু ভারতেই অগ্রিম বুকিং থেকে এসেছে প্রায় ২০ কোটি রুপি। তাঁর দাবি, প্রথম ‘জেলার’এর তুলনায় দ্বিতীয় কিস্তির অগ্রিম বুকিং প্রায় ৫০ শতাংশ বেশি।
আগামী ১৫ অক্টোবর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ‘জেলার ২’এর। মুক্তির প্রথম দিনেই বিশ্বব্যাপী ছবিটির আয় ১৫০ কোটি রুপি ছুঁতে পারে বলে ধারণা করা হচ্ছে। আর দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেলে প্রথম সপ্তাহান্তে বিশ্বব্যাপী আয় ৩৫০ কোটি রুপি ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
ছবিতে রজনীকান্তের সঙ্গে ফিরছেন রম্যা কৃষ্ণন, যোগী বাবু ও ঋত্বিক। নতুন সংযোজন হিসেবে থাকছেন এসজে সূর্য, সুরাজ ভেঞ্জারামুডু, বিদ্যা বালান, আন্না রাজন ও যতীন সারনা।
এদিকে বক্স অফিসে বিজয় দেবেরাকোন্ডার ‘রানাবালি’র সঙ্গেও তুলনা টেনেছেন রমেশ বালা। তাঁর মতে, ভারতজুড়ে ও আন্তর্জাতিক বাজারে ‘জেলার ২’ এগিয়ে থাকতে পারে। অন্যদিকে, ‘রানাবালি’র মূল দর্শক হতে পারেন তেলুগু রাজ্যের সিনেমাপ্রেমীরা।
তবে সব হিসাবই এখন পূর্বাভাসের পর্যায়ে। মুক্তির পর দর্শকদের প্রতিক্রিয়া এবং মুখে মুখে প্রচারের ওপর নির্ভর করবে রজনীকান্তের এই ছবির প্রকৃত বক্স অফিস সাফল্য।
