আগামী দুই দিন দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময়ে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে লঘুচাপের বর্ধিতাংশ। এর প্রভাবে শনিবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে সার্বিকভাবে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।
রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও আবহাওয়ার একই পরিস্থিতি বজায় থাকতে পারে। এ সময় দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে মোংলায়, ১ মিলিমিটার। এ সময়ে সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটে ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
