কালবেলা · আন্তর্জাতিক
কারাগারে চাপ কমাতে ইংল্যান্ড-ওয়েলসে আগাম মুক্তি পাচ্ছেন ৬৫০ বন্দি
১৩/১০/২০২৬

কারাগারে অতিরিক্ত বন্দির চাপ কমাতে সরকারের বিশেষ কর্মসূচির দ্বিতীয় ধাপে ইংল্যান্ড ও ওয়েলসে প্রায় ৬৫০ জন বন্দিকে আগাম মুক্তি দেওয়া হচ্ছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) তাদের মুক্তি দেওয়ার কথা রয়েছে।
আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, সরকারের এ কর্মসূচির আওতায় নির্ধারিত যোগ্যতা পূরণকারী সর্বোচ্চ আড়াই বছরের কারাদণ্ডপ্রাপ্ত বন্দিরা তাদের সাজা অর্ধেক ভোগ করার পরিবর্তে এক-তৃতীয়াংশ শেষ করেই মুক্তি পেতে পারেন।
এর আগে গত ১ অক্টোবর কর্মসূচির প্রথম ধাপে প্রায় ৭০০ বন্দিকে মুক্তি দেওয়া হয়েছিল। তাদের প্রত্যেকের কারাদণ্ডের মেয়াদ ছিল ১৯ মাসের কম।
সরকার পর্যায়ক্রমে প্রায় পাঁচ হাজার বন্দিকে মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছে। ১২ বছরের বেশি মেয়াদের সাজাপ্রাপ্ত বন্দিদের ক্ষেত্রে এ প্রক্রিয়া আগামী বছরের জুন পর্যন্ত চলবে বলে জানানো হয়েছে।
তবে কর্মসূচির আওতায় আগাম মুক্তির যোগ্য বন্দির সংখ্যা প্রাথমিক হিসাবের ছয় হাজার থেকে কমিয়ে আনা হয়েছে। ধর্ষণ ও শিশুদের বিরুদ্ধে সংঘটিত সবচেয়ে গুরুতর যৌন অপরাধে দণ্ডিত ব্যক্তিদের এ তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এ ছাড়া নরহত্যাসহ আরও কয়েকটি অপরাধে দণ্ডিত ব্যক্তিরা এ সুবিধা পাবেন না। শিশুদের যৌন শোষণের উদ্দেশ্যে পরিচালিত চক্রের সদস্যদের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সংঘটিত অশালীন যৌন নিপীড়নের কিছু অপরাধও অযোগ্যতার তালিকায় রয়েছে।
কারাগারে বন্দির সংখ্যা বেড়ে যাওয়ায় সৃষ্ট চাপ মোকাবিলায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। তবে আগাম মুক্তির সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভুক্তভোগীদের বিভিন্ন সংগঠন ও প্রবেশন কর্মকর্তারা।
তাঁদের আশঙ্কা, বন্দিদের আগাম মুক্তি জননিরাপত্তার ঝুঁকি বাড়াতে পারে। পাশাপাশি মুক্তিপ্রাপ্ত ব্যক্তিদের যথাযথভাবে পর্যবেক্ষণ ও পুনর্বাসনের দায়িত্ব পালনে প্রবেশন ব্যবস্থার সক্ষমতা নিয়েও প্রশ্ন উঠেছে।
সূত্র: আনাদোলু এজেন্সি
মূল প্রতিবেদনে যান ↗