মুন্সিগঞ্জে একটি একনলা বন্দুক, এক রাউন্ড গুলি, ২০০ পিস ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ইয়াসিন সরদার (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের খাসকান্দি গ্রামে ইয়াসিনের বসতবাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের আলকেস সরদারের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) রাশেদ মুন্সি জানান, গোপন সংবাদের ভিত্তিতে খাসকান্দি এলাকায় অভিযান চালিয়ে ইয়াসিন সরদারকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি একনলা বন্দুক, এক রাউন্ড গুলি, ২০০ পিস ইয়াবা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ইয়াসিনের বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অভিযোগে আগে পাঁচটি মামলা রয়েছে।
এসআই রাশেদ মুন্সি আরও জানান, এ ঘটনায় ইয়াসিনের বিরুদ্ধে সদর থানায় পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
