স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান অব্যাহত রেখেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। গত ২৪ ঘন্টায় পরিচালিত অভিযানে বিভিন্ন অপরানে ২৯ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক পুলিশের অভিযানে ১৩৫টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
এসএমপি সূত্র জানিয়েছে, মঙ্গলবার দিবাগত রাত ১২ টা থেকে বুধবার দিবাগত রাত ১২টা পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ২৯ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী, কিশোরগ্যাংয়ের সদস্য এবং মেট্রো অধ্যাদেশ আইনে গ্রেফতার আসামি রয়েছেন।
এদিকে, মহানগর ট্রাফিক বিভাগের পৃথক অভিযানে ৬৩টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের ও ৭২টি যানবাহন আটক করা হয়েছে।
অভিযানকালে ১০ পিস ভারতীয় কম্বল, ১৫ পিস ভারতীয় শাড়ি এবং ২ লাখ ৩ হাজার ৬৪০ টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এর সত্যতা নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের মিডিয়ার অতিরিক্ত দায়িত্বে থাকা উপ পুলিশ কমিশনার (সিটিএসবি) মোহাম্মদ আফজাল হোসাইন বলেন, প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
