গাজীপুরের টঙ্গীতে গ্যাসের লিকেজ থেকে সৃষ্ট আগুনে দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বাবা-মায়ের পর তাদের মেয়ে তানিশার (১৬) মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৮টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।
টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুর রহমান জানান, বুধবার সকাল ৭টার দিকে মুদাফা এলাকার একটি ভাড়া বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ্ট আগুনে তিনজন গুরুতর দগ্ধ হন। পরে তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। গত বুধবার থেকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন লাল চান, তার স্ত্রী নাসিমা ও মেয়ে তানিশা। ওই দিন রাত ৮টার দিকে বাবা লাল চান মিয়া (৬০) ও নাসিমা (৫০) মারা যান। শুক্রবার সকালে মারা যায় তাদের মেয়েও।
