জামুর্কী এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন গোড়াই হাইওয়ে থানার এসআই আনিসুর রহমান।
Published : 17 Oct 2026, 07:45 PM
Updated : 17 Oct 2026, 07:45 PM
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় যাত্রীবাহী বাস, পিকআপ ও মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।
শনিবার বিকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের জামুর্কী এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন গোড়াই হাইওয়ে থানার এসআই আনিসুর রহমান।
নিহতরা হলেন- বাসাইল উপজেলার বাসিন্দা মোটরসাইকেল আরোহী আসিফ (১৮) এবং সিরাজগঞ্জের উল্লাপাড়ার বাসিন্দা পিকআপ ভ্যানের চালকের সহকারী আব্দুল রহিম (৪০)।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, ঢাকাগামী এসআই ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস প্রথমে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এরপর বাসটি মোটরসাইকেলের সামনে থাকা একটি পিকআপ ভ্যানকেও সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আসিফ ও আব্দুল রহিমের মৃত্যু হয়।
খবর পেয়ে গোড়াই হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে।
এসআই আনিসুর রহমান জানান, দুর্ঘটনাকবলিত বাস ও পিকআপটি জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
