Published on
:
1 min read
অষ্টমীর সকালে এক যুবকের রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য পুরাতন মালদা শহরে। সোমবার সকালে পুরাতন মালদা পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের ঘটনা। ওই এলাকায় মঙ্গলবাড়ি স্কুলপাড়ার ব্রিজ মাঠ থেকে যুবকের দেহ উদ্ধার হয়। মৃতের নাম রাজেশ রায় (২৮)। তিনি স্কুলপাড়া এলাকারই বাসিন্দা, পেশায় টোটোচালক ছিলেন।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে হাঁটতে বেরিয়ে কয়েকজন ব্যক্তি ব্রিজ মাঠে ওই যুবকের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। সেই খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমান বাসিন্দারা। খবর দেওয়া হয় মালদা থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঠিক কী কারণে ওই যুবকের মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।
পুজোর মধ্যে এমন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পুরাতন মালদা পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার কার্তিক ঘোষ। তিনি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ছিলেন। মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি। কার্তিকবাবু জানান, রাজেশ এলাকায় ভালো ছেলে হিসেবেই পরিচিত ছিলেন। কী ভাবে তাঁর মৃত্যু হল, তা ময়নাতদন্তের রিপোর্ট সামনে এলেই স্পষ্ট হবে। উৎসবের মরশুমে এমন ঘটনায় তিনি দুঃখপ্রকাশ করেন।
স্থানীয় বাসিন্দাদের একটি অংশ জানাচ্ছেন, মৃত যুবকের নেশায় আসক্ত ছিলেন। যদিও তার সঙ্গে মৃত্যুর কোনও যোগসূত্র রয়েছে কি না, তা এখনও নিশ্চিত নয়। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।