অনলাইন ডেস্ক: গোপালগঞ্জের মুকসুদপুরে একটি বেপরোয়া মাছবাহী পিকআপ ভ্যানের চাপায় বাবা ও তাঁর ছয় বছরের শিশুকন্যা প্রাণ হারিয়েছেন। আজ রোববার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গেড়াখোলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন- ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার পবন বেগ গ্রামের হেমায়েত মোল্লার ছেলে সাইফুল ইসলাম রঞ্জু (৪৫) ও তাঁর মেয়ে সামিরা আক্তার (০৬)।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে মুকসুদপুর উপজেলার গেড়াখোলা নামক স্থানে ঢাকাগামী একটি মাছবোঝাই পিকআপ ভ্যান (খুলনা মেট্রো-১১-২৫৬৫) বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোভ্যানকে সজোরে চাপা দেয়। এতে অটোভ্যানে থাকা বাবা ও মেয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন দ্রুত তাঁদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত বলে ঘোষণা করেন।
ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
এটিভি/ আর এম
