৩৮ জেলার সংসদ সদস্যদের জনসচেতনতা বাড়ানো ও জেলেদের আইন মানতে উদ্বুদ্ধ করার আহ্বান
খোলা বাজার অনলাইন, ডেস্ক:
- আপডেট সময় : ০৬:৫৯:১১ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে
ছবি- সংগৃহীত।
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ সফল করতে ৩৮ জেলার ১১১ জন সংসদ সদস্যকে আধা সরকারি পত্র (ডিও লেটার) দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। অভিযানের কার্যক্রম জোরদার এবং জনসচেতনতা বাড়াতে স্থানীয় পর্যায়ে কার্যকর ভূমিকা রাখতে তাঁদের সহযোগিতা চেয়েছেন তিনি।
রোববার (১৮ অক্টোবর) মন্ত্রীর পাঠানো ডিও লেটারে বলা হয়, ইলিশ বাংলাদেশের অর্থনীতি, কর্মসংস্থান, পুষ্টি ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। এ সম্পদের টেকসই উৎপাদন নিশ্চিত করতে গত ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালিত হচ্ছে।
মন্ত্রী জানান, অভিযান চলাকালে নির্ধারিত এলাকায় সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ। একই সঙ্গে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময়ও নিষিদ্ধ। ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এ সম্পদ সংরক্ষণে অভিযানটি গুরুত্বপূর্ণ।
ডিও লেটারে মন্ত্রী উল্লেখ করেন, এ কর্মসূচির সফলতা শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা মৎস্য অধিদপ্তরের কার্যক্রমের ওপর নির্ভর করে না। স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃত্ব, সামাজিক সংগঠন ও সচেতন নাগরিকদের সক্রিয় সহযোগিতাও প্রয়োজন।
এ লক্ষ্যে সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকার উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে রাজনৈতিক নেতা-কর্মী এবং সামাজিকভাবে পরিচিত ব্যক্তিদের মাধ্যমে জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানান তিনি। পাশাপাশি জেলেদের আইন মেনে চলতে উদ্বুদ্ধ করা এবং অবৈধভাবে ইলিশ আহরণ নিরুৎসাহিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার অনুরোধ করেন।
মন্ত্রী বলেন, স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃত্বের ইতিবাচক ভূমিকা জেলেদের মধ্যে আস্থা সৃষ্টি, সামাজিক সমর্থন বৃদ্ধি এবং আইন প্রয়োগ কার্যক্রমকে আরও কার্যকর করতে সহায়তা করবে। সমন্বিত উদ্যোগের মাধ্যমে মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করতে সংসদ সদস্যদের সক্রিয় নেতৃত্ব, দিকনির্দেশনা ও সহযোগিতা কামনা করেন তিনি।

