উপসাগরীয় অঞ্চলে মার্কিন বাহিনীকে আর ফিরতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সামরিক কর্মকর্তা মেজর জেনারেল আলী আবদুল্লাহি শনিবার (২৪ অক্টোবর) তেহরানে সাংবাদিকদের বলেন, আঞ্চলিক জলসীমা ব্যবহার করে ইরানকে হুমকি দেওয়ার সুযোগও যুক্তরাষ্ট্রকে দেওয়া হবে না। তার দাবি, যুক্তরাষ্ট্রের নৌ শক্তি নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দেওয়া সাম্প্রতিক বক্তব্যেরও সমালোচনা করেন আবদুল্লাহি। তিনি বলেন, ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস হয়ে থাকলে দেশটিকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখার বিষয়ে যুক্তরাষ্ট্রের বক্তব্যের সঙ্গে তা মেলে না। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি।
এদিকে ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্যে নিরাপত্তা জোরদার করেছে যুক্তরাষ্ট্র। অঞ্চলটির কয়েকটি কূটনৈতিক মিশনে কর্মীর সংখ্যাও কমানো হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম অ্যাক্সিওস।
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, ২৩ অক্টোবর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে পাঠানো এক স্মারকলিপিতে জাতীয় গোয়েন্দা পরিচালক জে ক্লেটন সংবেদনশীল গোয়েন্দা তথ্য আরও বেশি কর্মকর্তার সঙ্গে ভাগ করে নেওয়ার সুপারিশ করেন। তবে এতে সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তু বা পরিকল্পনার বিস্তারিত জানানো হয়নি।
দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা ঝুঁকি সবচেয়ে বেশি বলে মনে করছেন মার্কিন কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রের ভেতরে হামলা চালানোর সক্ষমতা ইরানের সীমিত বলে মনে করা হলেও, দেশটিতে ইরানি এজেন্ট থাকতে পারেন বলে গোয়েন্দা তথ্যে ইঙ্গিত পাওয়া গেছে। ইউরোপে থাকা মার্কিন নাগরিকরাও হামলার লক্ষ্য হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্র: শাফাক নিউজ
