প্রথমবারের মতো এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ আয়োজন করছে উজবেকিস্তান। বাংলাদেশ এই টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য গতকাল রাতে রওনা হয়েছে। তিন নারী খেলোয়াড়, কোচ, কর্মকর্তা ও দুই জন পুরুষ খেলোয়াড় তাসখন্দ পৌঁছেছেন। তবে বিমানবন্দর থেকে ফেরত এসেছেন দেশের এক নম্বর র্যাঙ্কিংধারী পুরুষ খেলোয়াড় মুহতাসিন আহমেদ হৃদয়।
বিমানবন্দর থেকে ফেরত এসে হৃদয় জানিয়েছেন, ‘অন্য সবার সঙ্গে আমারও বোর্ডিং কার্ড দিয়েছিল। পরবর্তীতে ভিসার কাগজপত্র চেক করতে গিয়ে দেখে উজবেকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কাগজে আমার নামের পাশে কালো দাগ। এজন্য তারা পরবর্তীতে আমার কার্ড ফেরত দেয়। ফেডারেশন থেকে উজবেকিস্তানে যোগাযোগের পরও আমি যেতে পারিনি। এই টুর্নামেন্টের জন্য অনেক প্রস্তুতি নিয়েছিলাম। এ রকম পরিস্থিতিতে পড়ে খুব খারাপ লাগছে।’
উজবেকিস্তান থেকে বাংলাদেশ দলের সবার ভিসাই হয়েছে। হৃদয়ের ভিসার অনুমোদন এবং বার কোডও আছে। একটি কাগজে কালো দাগ থাকায় এয়ার এরাবিয়া হৃদয়কে বোর্ডিং কার্ড দেননি। সেই কাগজের দাগ ও হৃদয়ের না যাওয়া নিয়ে ফেডারেশনের সাধারণ সম্পাদক সাইদুল হক সাদী বলেন, ‘আমাদের কাছে কাগজ আসার পরই উজবেকিস্তানে যোগাযোগ করেছি। তারা বলেছে কোনো সমস্যা হবে না। এয়ারপোর্টে যখন এটি সমস্যা হয়েছে তখন আমরা উজবেকিস্তানে যোগাযোগ করেছি। আয়োজকরা এয়ার এরাবিয়াকে ই-মেইল করেছে যে তার ভিসা রয়েছে এবং সে উজবেকিস্তান পৌঁছালে প্রবেশ করতে পারবে। এরপরও তাকে এয়ারলাইন্স বোর্ডিং পাশ দেয়নি। আয়োজকরা এ নিয়ে তাদের মন্ত্রণালয়েও কথা বলবে, কিন্তু সমস্যার বিষয় এটি গতকাল রাতের ঘটনা, আজ (রোববার) তাদের আবার ছুটি।’
আগামীকাল থেকে টিম ইভেন্টের খেলা। তিন জন না হলে দলীয় ইভেন্টে অংশগ্রহণ করা যায় না। হৃদয় না থাকায় রামহিম লিয়ান বম, জাভেদ আহমেদের তাই দলীয় পুরুষ খেলায় অংশগ্রহণ সম্ভব নয়। এই বিষয়ে সাধারণ সম্পাদক বলেন, ‘হৃদয়ের বাস্তবিক অর্থে আগামীকাল পৌঁছানো সম্ভব নয়। এখন পর্যন্ত তার ব্যাপারে কিছু বলেনি। চতুর্থ র্যাঙ্কিংধারী ইমন রয়েছে, তার ভিসা থাকলেও নাম এন্ট্রির বিষয় রয়েছেঅি পাশাপাশি আজ বিকেলে একমাত্র ফ্লাইট রয়েছে। ইমন গেলেই যে খেলতে পারবেন সেই নিশ্চয়তা নেই। আজ রওনা দিয়ে আগামীকাল খেলা ধরা সম্ভব নয়।’
হৃদয় না যাওয়ায় শুধু পুরুষ দলগত নয়, অন্য ইভেন্টও সংকটে। একটি দেশ দু’টি মিশ্র ইভেন্টে খেলতে পারে না। হৃদয় ভালো খেলোয়াড় হওয়ায় তিনি মিশ্র ইভেন্টে ছিলেন মৌ–এর সঙ্গে। হৃদয়ের ডাবলসের সঙ্গী ছিলেন জাভেদ। নিজের অনুপস্থিতিতে মৌ ও জাভেদ অন্যের সঙ্গে জুটি গড়তে পারবেন কি না সেটাই সংশয় বলে জানালেন হৃদয়, ‘আমার নামে এন্ট্রি রয়েছে। কিছুক্ষণের মধ্যে ফিকশ্চার হয়ে যাওয়ার কথা। ফিকশ্চার হলে তো আর পরিবর্তন সম্ভব নয়, কারণ এশিয়ান টিটি চ্যাম্পিয়নশিপ অনেক বড় মাপের টুর্নামেন্ট। আমার সিদ্ধান্ত যদি আসে আর ফেডারেশন পাঠায় তখন হয়তো সিঙ্গেল খেলার সম্ভাবনা থাকবে।’
এজেড/এএইচএস
