২০২৪ সালের জুলাইয়ের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে বিতর্কিত না করার আহ্বান জানিয়েছেন প্রধান মন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার চেষ্টা বাংলাদেশের মানুষ ভালোভাবে নেয়নি। একইভাবে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান নিয়েও বিতর্ক সৃষ্টি না করার আহ্বান জানান তিনি।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে রংপুর নগরীর ধর্মসভা রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধান মন্ত্রী।
তারেক রহমান বলেন, জনগণের ভোটে সংসদ গঠিত হয়েছে এবং জনগণ তাদের প্রতিনিধিদের সেখানে পাঠিয়েছেন। কারও কোনো বক্তব্য বা দাবি থাকলে তা সংসদে তুলে ধরার আহ্বান জানান তিনি।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে প্রধান মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের সময় ধর্ম-বর্ণ নির্বিশেষে বিভিন্ন মত ও পেশার মানুষ দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছেন। পরবর্তী সময়ে গণতন্ত্র ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনেও সব ধর্মের মানুষ অংশ নিয়েছেন।
২০২৪ সালের গণঅভ্যুত্থানের প্রসঙ্গে তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনে দল, মত, ধর্ম ও বর্ণ নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়েছিলেন। তাদের সম্মিলিত অংশগ্রহণের মধ্য দিয়ে দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছিল বলে উল্লেখ করেন তিনি।
প্রধান মন্ত্রী বলেন, বাংলাদেশে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধর্মের মানুষ একসঙ্গে বসবাস করে আসছেন। ভবিষ্যতেও যেন সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারেন, সে পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্ব দেন তিনি। প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে সব ধর্ম ও মতের মানুষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
সরকারের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে তারেক রহমান বলেন, বর্তমান সরকার শুধু যারা ভোট দিয়েছেন তাদের জন্য নয়, যারা ভোট দেননি তাদের জন্যও কাজ করতে চায়। দেশের সব অঞ্চলে অর্থনৈতিক সামর্থ্য বিবেচনায় উন্নয়ন কার্যক্রমের সুফল সমভাবে পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অতীতের রাজনৈতিক চর্চায় পরিবর্তন আনার কথা উল্লেখ করে প্রধান মন্ত্রী বলেন, দেশকে এগিয়ে নিতে সবাইকে বিভ্রান্তি থেকে বেরিয়ে এসে একসঙ্গে কাজ করতে হবে। এ পরিবর্তনের জন্য জনগণের সহযোগিতা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, প্রধান মন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল এবং বিএনপি নেত্রী ও সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরীসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
পূজামণ্ডপ পরিদর্শন শেষে ধর্মসভা রাধা গোবিন্দ মন্দিরের উন্নয়নে ১০ লাখ টাকার অনুদানের চেক হস্তান্তর করেন প্রধান মন্ত্রী। এ সময় তিনি পূজারি ও হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন।
এর আগে সৈয়দপুর বিমানবন্দর থেকে সড়কপথে ‘সবার আগে বাংলাদেশ’ বাসে করে দুপুর ১২টার দিকে মন্দিরে পৌছান তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে সরকার গঠনের পর প্রধান মন্ত্রী হিসেবে এটিই ছিল তার প্রথম রংপুর সফর। রংপুরের কর্মসূচি শেষে তার রাজশাহীর ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে।
