সৌদি আরবের রাজধানী রিয়াদের অন্যতম প্রধান স্থাপনা কিংডম সেন্টারের অফিসকর্মীদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাসা থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। দেশটিতে হুতি বিদ্রোহীদের একের পর এক হামলার মধ্যে রোববার এ সিদ্ধান্ত নেওয়া হয়।
৯৯ তলাবিশিষ্ট এই ভবনের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ইমেইলে জানিয়েছে, সব অফিসকর্মীর জন্য দূর থেকে কাজ করা বাধ্যতামূলক। এ সময়ে কাউকে অফিসে না আসার নির্দেশও দেওয়া হয়েছে। তবে ভবনটির নিচের অংশে থাকা বিপণিবিতান খোলা রয়েছে।
এর এক সপ্তাহ আগে রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের বড় ধরনের হামলায় ১৩ জন নিহত হন। ওই ঘটনার পর থেকে বিমানবন্দরটি বন্ধ রয়েছে। নিরাপত্তার কারণে রাজধানীর স্কুলগুলোতেও দূর থেকে পাঠদানের সময় বাড়ানো হয়েছে।
সৌদি নেতৃত্বাধীন জোট সম্প্রতি ইয়েমেন সীমান্তের কাছে নাজরানে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই ক্রু নিহত হওয়ার কথা জানায়। জোটের দাবি, যান্ত্রিক ত্রুটিতে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। তবে হুতিরা দাবি করেছে, তারা ক্ষেপণাস্ত্র ছুড়ে একটি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করেছে।
ইয়েমেনের সংঘাত নতুন করে তীব্র হওয়ার পর সৌদি আরবের তেল স্থাপনা, ট্যাংকার ও রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে হামলার খবর পাওয়া গেছে। সৌদি নেতৃত্বাধীন জোটও হুতিদের নিয়ন্ত্রিত এলাকায় বিমান হামলা চালাচ্ছে।
জোট জানিয়েছে, রাতভর রিয়াদ এলাকায় দুটি এবং তেলসমৃদ্ধ পূর্বাঞ্চলে একটি ড্রোন প্রতিহত করা হয়েছে। এ ছাড়া সৌদি আরবের দক্ষিণাঞ্চলে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও প্রতিহত করা হয়।
এদিকে হুতিরা দাবি করেছে, শনিবার ইয়েমেনে সৌদি হামলায় তিন শিশুসহ ১২ জন নিহত হয়েছেন। তবে এ দাবি স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হওয়ার পর হুতিরা সৌদি আরবের বিরুদ্ধে সামুদ্রিক অবরোধের ঘোষণা দিয়েছে। লোহিত সাগরের বাব আল-মান্দেব প্রণালির আশপাশের কৌশলগত এলাকাও তাদের নিয়ন্ত্রণে রয়েছে। এ পথ দিয়ে এশিয়া ও ইউরোপের মধ্যে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জাহাজ চলাচল করে।
সৌদি আরবকে হুতিদের হামলা থেকে রক্ষায় সহায়তা দেওয়ার বিষয়ে আলোচনা করতে রোববার মিসরের পার্লামেন্টে জরুরি অধিবেশন হওয়ার কথা রয়েছে। দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি বলেছেন, সৌদি নেতৃত্ব অনুরোধ করলে দেশটিকে রক্ষায় যেকোনো প্রয়োজনীয় পদক্ষেপ নিতে তিনি প্রস্তুত। তবে তিনি স্পষ্ট করেছেন, তার বক্তব্য আক্রমণ নয়, প্রতিরক্ষার বিষয়ে।
সূত্র: এএফপি/নিউ স্ট্রেইট টাইমস
