মাইক্রোসফটে ২৩ বছরের দীর্ঘ কর্মজীবনের ইতি টেনে ভারতে ফিরছেন প্রতিষ্ঠানটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (এসভিপি) কেশবন শানমুগম। কারণ পেশাগত নয়, একেবারেই ব্যক্তিগত বয়সী বাবা-মায়ের পাশে আরও বেশি সময় কাটাতে চান তিনি।
মাইক্রোসফটের কৃত্রিম বুদ্ধিমত্তা উন্নয়ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ নীতি-নির্ধারণী ভূমিকায় ছিলেন কেশবন। বিশেষ করে ‘এক্সেল কো-পাইলট’ এবং ভবিষ্যৎ প্রজন্মের ‘এজেন্টিক এআই’ প্রযুক্তি চালুর ক্ষেত্রে তাঁর নেতৃত্বস্থানীয় অবদান ছিল। এআই নিয়ে বিশ্বজুড়ে প্রতিযোগিতা যখন তুঙ্গে, তখন তাঁর সরে দাঁড়ানোর সিদ্ধান্ত প্রযুক্তিখাতে বাড়তি নজর কাড়ছে।
তবে ক্যারিয়ারের শীর্ষ অবস্থান, আন্তর্জাতিক পরিচিতি ও গুরুত্বপূর্ণ দায়িত্বের চেয়েও পরিবারকে অগ্রাধিকার দিয়েছেন তিনি।
লিঙ্কডইনে দেওয়া এক আবেগঘন পোস্টে কেশবন লেখেন, “মাইক্রোসফটে চমৎকার ২৩টি বছর কাটালাম। ভারতে বসবাসকারী আমার বয়স্ক বাবা-মায়ের সঙ্গে আরও বেশি সময় কাটানোর উদ্দেশ্যেই আমি চাকরি থেকে অবসর নিচ্ছি।”
তিনি আরও জানান, ‘এক্সেল কো-পাইলট’-এর মতো গুরুত্বপূর্ণ প্রকল্প এবং মেধাবী সহকর্মীদের ছেড়ে আসা সহজ ছিল না। তবু জীবনের এই পর্যায়ে এসে ক্যারিয়ারের চেয়ে পরিবার, আত্মীয়স্বজন ও বন্ধুদের পাশে থাকাকেই বেশি অর্থবহ সিদ্ধান্ত বলে মনে করছেন তিনি।
The post বয়স্ক বাবা-মাকে বেশি করে সময় দিতে ২৩ বছরের চাকরি ছেড়ে দেশে ফিরে গেলেন মাইক্রোসফটের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট appeared first on Mohona Tv.
