The Sangbad · রাজনীতি
"বিএনপি বিরোধিতায় 'জাশি'র কোলে ওঠার খেসারত দিতে হবে"
১৬/১০/২০২৬

রাজনৈতিক প্রেক্ষাপট ও চলমান প্রবণতা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, বিএনপি বিরোধিতা করতে গিয়ে ‘জাশি’ অর্থাৎ জামায়াত-শিবিরের কোলে ওঠার খেসারত দেশের সেকুলার সমাজকে দিতেই হবে।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক বিশেষ স্ট্যাটাসে সেকুলার সিভিল সোসাইটি ও বিশিষ্ট ব্যক্তিদের বর্তমান ভূমিকা নিয়ে তিনি এই আশঙ্কার কথা প্রকাশ করেন।
'জুলাই পরবর্তী রাজনীতির আজব দশা' শিরোনামে দেওয়া সেই স্ট্যাটাসে ক্ষমতার রাজনীতির চালচিত্র তুলে ধরে মাহফুজ আলম উল্লেখ করেন, "অন্তরীণ সরকারের আমল থেকেই সেকুলার সিভিল সোসাইটি, ব্যক্তি ও প্রতিষ্ঠানের জাশি অ্যান্ড ৭২ আদার্সের কাছে সাষ্টাঙ্গ প্রণাম দেখে এসেছি। ক্ষমতার জন্য, সংস্কারের নামে বিএনপি বিরোধিতার জন্য যারা আসলে আজীবন কালচারালি লীগ ছিলেন, বিএনপি উনাদের রুচির সঙ্গে যায় না, জাশির কোলে ওঠার আপ্রাণ চেষ্টা দেখেছি। কোলে ওঠার পর অনেকে নামতে পারবে না দেখে, এখনও জাশির কোলবন্দি হয়ে আছেন।"
সামাজিক যোগাযোগমাধ্যমের মানসিক চাপ ও বর্তমান রাজনৈতিক প্রবণতার সমালোচনা করে তিনি আরও বলেন, "ডিজিটাল মবের চাপে অনেককে ডানপন্থী থেকে উগ্র-ডান হতে দেখেছি। এখনও দেখছি। এসব ডিজিটাল মব আদতে সিস্টেমেটিক প্রোপাগান্ডা ও ক্যারেক্টার অ্যাসাসিনেশন মেকানিজম। এ মেকানিজমকে এড়িয়ে যাওয়ার উপায় সহসা নেই। দেশ উগ্র ডানপন্থার ট্রেনে উঠে গেছে। হরেক রঙের নরম-গরম ডান মিলে এটা নিশ্চিত করে ছাড়বে।"
ভবিষ্যতের রাজনৈতিক পরিণতি সম্পর্কে সতর্ক করে বিগত সরকারের এই সাবেক উপদেষ্টা কঠোর হুঁশিয়ারি দেন। আলেম সমাজ ও সেকুলার অংশের পরিণাম নিয়ে আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, "সংস্কারের নামে বিএনপি বিরোধিতা করতে গিয়ে জাশির কাছে যাওয়ার খেসারত সেকুলার সমাজের দিতেই হবে। ট্রাডিশনাল আলেম সমাজকেও জাশিকে সার্ভিস দেওয়ার খেসারত দিতে হবে। এখানে কেবলই জাশির লাভ। লাভের গুড় খাওয়ার পরে ছুড়ে ফেলা হবে দুই গোষ্ঠীকেই।"রাজনৈতিক সমীকরণের আগামী দিনের চিত্র তুলে ধরে মাহফুজ আলম অত্যন্ত স্পষ্ট ভাষায় নিজের বক্তব্য শেষ করেন। সার্বিক পরিস্থিতির বিশ্লেষণে তিনি লেখেন, "গুড টাইম ইজ কামিং ফর জাশি অ্যান্ড ৭২ আদার্স। এ আশু ভবিষ্যত পাল্টানোর সাধ্য আপাতত কারো নেই। আর, জাশি যত গুড টাইমে যাবে, ততই লীগ ফেরা অনিবার্য হয়ে উঠবে। উই আর গোয়িং ব্যাক টু সেভেন্টি-ওয়ান। যেখানে বিএনপির একাংশ জাশির দুনিয়ায়, অন্য অংশ লীগের দুনিয়ায় বাস করবে। তোমরা বাকিরা আপাতত জাশি প্রযোজিত কালচারাল ওয়ারে নিজেদের ব্যস্ত রাখো।"
মূল প্রতিবেদনে যান ↗