সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগে কুষ্টিয়া-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. কামারুল আরেফিনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রবিবার (১৮ অক্টোবর) দুদকের সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় মামলাটি রুজু করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক এমপি কামারুল আরেফিনের বিরুদ্ধে ১ কোটি ৬৮ লাখ ৮ হাজার ৮০১ টাকার সম্পদের তথ্য গোপন এবং ৮ কোটি ৯ লাখ ১ হাজার ৪৮৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেছে। দাখিলকৃত সম্পদ বিবরণীতে তিনি ৮ কোটি ৯৬ লাখ ৯৭ হাজার ২৫১ টাকার সম্পদের তথ্য দিলেও অনুসন্ধানে তাঁর নামে ১০ কোটি ৬৫ লাখ ৬ হাজার ৫২ টাকার স্থাবর-অস্থাবর সম্পদের মালিকানা পায় দুদক।
এজাহারে আরও উল্লেখ করা হয়, সাবেক এই জনপ্রতিনিধি ক্ষমতার অপব্যবহার করে টেন্ডার বাণিজ্য, পশুর হাট ও বালুমহাল ইজারা এবং বিভিন্ন ঠিকাদারি প্রকল্পের নিম্নমানের কাজ করে বিপুল অর্থ আত্মসাৎ করেছেন। একই সাথে বিদেশে অর্থ পাচার এবং নিজের ও পরিবারের সদস্যদের নামে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের বিষয়টিও অনুসন্ধানে উঠে আসে।
