মডেল ও অভিনেত্রী তানজিয়া মিথিলা মানেই আকর্ষণীয় উপস্থিতি। সৌন্দর্য প্রতিযোগিতা ও মডেলিংয়ের পাশাপাশি সিনেমার পর্দাতেও নিজের জায়গা করে নিয়েছেন তিনি। তবে আলাদা করে মিথিলার স্টাইলিশ লুকের প্রেমে মজে থাকে ফ্যাশনিস্তা ভক্তরা। সম্প্রতি হালকা শীতের আমেজে নিউ ইয়র্ক থেকে ট্রেন্ডি দুই লুকে ধরা দিয়েছেন এই অভিনেত্রী। চলুন দেখে নেওয়া যাক তাঁর লুকগুলো ।
অভিনেত্রী মিথিলা নিউইয়র্ক থেকে নতুন দুটি লুকের ছবি শেয়ার করেছেন। সেখানে ইতিমধ্যে শীতের আমেজ টের পাওয়া যাচ্ছে। ছবিগুলোতেও রয়েছে উষ্ণতার ছোঁয়া। ক্যাপশনে মিথিলা লিখেছেন, ‘অফিশিয়ালি ফল সিজন শুরু, আর আন অফিশিয়ালি আমি এই লুকের প্রেমে মজে আছি।’
নজর কাড়ছে ফার স্টোল

এই লুকে মিথিলার পরনে কালো স্যাটিনের ক্যামিসোল টপ। গভীর ভি-নেকলাইনে লেসের কাজ টপটিতে যোগ করেছে আলাদা আবেদন। সঙ্গে নীল ডেনিম জিনস।

তবে পুরো সাজের মূল আকর্ষণ ক্যারামেল-বাদামি রঙের লম্বা ফার স্টোলটি। দুই কাঁধ জুড়ে স্টোলটি জড়িয়ে কখনো গলায় পেঁচিয়ে, কখনো দুই হাতে আলতো করে ধরে নানা ভঙ্গিতে ছবি তুলেছেন মিথিলা।

সাধারণ টপ আর ডেনিমের সাজেও যে একটি স্টোল পুরো লুকে আভিজাত্য যোগ করতে পারে, মিথিলার এই সাজ যেন তারই উদাহরণ।

লুকে রঙের ছোঁয়া এনেছে লেদারের শোল্ডার ব্যাগ ও বেরি-ওয়াইন শেডের ম্যাট লিপস্টিক। ব্যাগ আর ঠোঁটের একই রঙের এই মেলবন্ধন কালো টপ ও নীল ডেনিমের একঘেয়েমি কাটিয়ে সাজে যোগ করেছে বাড়তি আকর্ষণ।

চোখে ছিল মোটা কালো ফ্রেমের অ্যাম্বার সানগ্লাস। কানে পরেছেন সোনালি ফ্রেমে অ্যাম্বার পাথর বসানো স্টেটমেন্ট দুল। আর হাতে ছিল সোনালি-রুপালি ধাতব ব্রেসলেট ঘড়ি। সব মিলিয়ে শরতের শুরুর দিনগুলোতে মিথিলার এই সাজে রয়েছে আরাম ও আভিজাত্যের মেলবন্ধন।
নিউইয়র্কের রাস্তায় অল-ব্ল্যাক লুক

নিউইয়র্কের রাস্তায় কালো অল-ব্ল্যাক অ্যাথলেজার লুক লুকে ধরা দিয়েছেন সুন্দরী। লুকের মূল আকর্ষণ কালো রঙের কো-অর্ড অ্যাক্টিভওয়্যার সেট। ডিপ ভি-নেকলাইনের স্পোর্টস ব্রা টপের নিচের অংশে আছে হাই-ওয়েস্ট লেগিংস।

জিমওয়্যারকে স্ট্রিট ফ্যাশনের উপযোগী করে তুলেছে কালো ওভারসাইজড লেদার জ্যাকেট। চওড়া কলারের এই জ্যাকেটটির কোমরের বেল্ট বেঁধে না রেখে ঝুলিয়ে রেখেছেন মিথিলা। কাঁধ থেকেও কিছুটা আলগা করে পরেছেন জ্যাকেটটি। তাই স্পোর্টস ব্রা ও লেগিংসের ওপর জ্যাকেটের লেয়ার যোগ করেছে আলাদা মাত্রা।

ব্যাগ ও জুতার নির্বাচনেও কালো রঙের ধারাবাহিকতা রেখেছেন অভিনেত্রী। হাতে ছিল কালো উভেন টেক্সচারের বড় পাউচ ধাঁচের ব্যাগ। পায়ে পরেছেন ক্যাজুয়াল কজি মিউলস। চোখে কালো ফ্রেমের সানগ্লাস, কানে চাঙ্কি দুল, ঠোঁটে নরম নুড-পিঙ্ক লিপস্টিক।


লম্বা কালো চুল মাঝখানে সিঁথি করে সোজা ও খোলা রেখেছেন তিনি। সব মিলিয়ে মিথিলার এই সাজে অ্যাক্টিভওয়্যারের আরামের সঙ্গে যুক্ত হয়েছে স্ট্রিট ফ্যাশনের অনুষঙ্গ। স্পোর্টস ব্রা ও লেগিংসের সঙ্গে ওভারসাইজড লেদার জ্যাকেট এবং টেক্সচারড ব্যাগ—এই সমন্বয়েই তৈরি হয়েছে তাঁর অল-ব্ল্যাক লুক।
ছবি: ইন্সটাগ্রাম
