সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি কর্মী মো. শাহেদ আহম্মদের মরদেহ আগামীকাল শুক্রবার দেশে পৌঁছাবে। সকাল ৮টা ৩৫ মিনিটে মরদেহ বহনকারী উড়োজাহাজটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।
আজ বৃহস্পতিবার প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমানবন্দরের ৮ নম্বর কার্গো গেটে শাহেদের মরদেহ গ্রহণ করতে উপস্থিত থাকবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
১০ অক্টোবর রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ওই হামলার ঘটনা ঘটে। হামলায় শাহেদসহ ১৪ জন নিহত হন। শাহেদের বাড়ি বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা গ্রামে। তাঁর বাবার নাম মো. রফিকুল ইসলাম ও মায়ের নাম শাহেরা বেগম।
শাহেদ সৌদি আরবের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে জেদ্দা প্রকল্পে প্লাম্বার হিসেবে কর্মরত ছিলেন। দেশটিতে তাঁর বৈধ কাজের অনুমতিপত্র (ইকামা) ছিল। ভাইয়ের মৃত্যুর কারণে ছুটিতে দেশে এসেছিলেন তিনি। ছুটি কাটিয়ে রিয়াদ হয়ে জেদ্দায় কর্মস্থলে ফেরার পথে বিমানবন্দরে হামলার শিকার হয়ে তিনি প্রাণ হারান।
উল্লেখ্য, ওই হামলায় শাহেদ ছাড়া আরও এক বাংলাদেশি নিহত হন। তাঁর নাম মো. নাসরুল্লাহ বদরপুরী। নাসরুল্লাহর বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বদরপুর গ্রামে। এ ঘটনায় আরও ২৪ জন বাংলাদেশি আহত হন বলে সে সময় পররাষ্ট্র ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় জানিয়েছিল।
