‘বিগ বস বাংলা’র অন্দরে রাজবীর আর নন্দিনীর সম্পর্ক নিয়ে নানামহলে চলছে জোর চর্চা। যদিও তাঁদের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে রয়েছে একাধিক প্রশ্নচিহ্ন। তারই মাঝে হঠাৎ নিজেদের অবস্থান বদল নন্দিনীর বাবা-মায়ের।
সম্প্রতি নন্দিনীর ঠাকুমার শ্রাদ্ধানুষ্ঠান ছিল। সেদিনই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নন্দিনীর বাবা যেন বোমা ফাটান। তিনি বলেন, “বিগ বসের ঘরে না আছে কোন গ্যাজেট, আর না গল্পের বই। না কোনও বিনোদনের বন্দোবস্ত। যাতে মানুষ অন্যরকমভাবে নিজেকে ভুলিয়ে রাখবে। ওই ঘরে এক শতাংশ মানসিক সমস্যাও বড় আকার ধারণ করতে পারে।” আর ঠিক এই কারণে বর্তমানে তিনি চান মেয়ে ‘বিগ বস বাংলা’ ছেড়ে ফিরে আসুক। তিন মাস পর নন্দিনী ফিরলে ফের ঠাকুমার পারলৌকিক ক্রিয়া হবে বলেও জানান তাঁর বাবা। বলে রাখা ভালো, মাত্র কয়েকদিন আগেই মৃত্যু হয় নন্দিনীর ঠাকুমার। শ্রাদ্ধ হয়ে গেলেও ঠাকুমার মৃত্যুসংবাদ এখনও জানেন না অভিনেত্রী।
এদিকে, নন্দিনীর মা জানান, ছোটবেলা থেকে ‘বিগ বস’ দেখেই বড় হয়েছেন নন্দিনী। তাই অভিনেত্রী খুব ভালো করেই জানেন কোন কৌশলে তাঁকে খেলতে হবে। এর আগে অবশ্য মেয়ে নন্দিনীকে নিয়ে গর্ববোধ হচ্ছে বলেই দাবি করেছিলেন তাঁর বাবা। আচমকা কেন নিজেদের অবস্থান বদল করলেন তিনি, তা নিয়ে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে। ‘বিগ বসে’র অন্দরমহলে রাজবীর এবং নন্দিনীর সমীকরণ নিয়ে নানা মহলেই সমালোচনার সুর শোনা যাচ্ছে, সে কারণেই কি তবে নন্দিনীর বাবা নিজের মতামত বদল করলেন, উঠছে সে প্রশ্নও। তবে যে যাই বলুন না কেন নন্দিনী-রাজবীরের সমীকরণই যেন অনুরাগীদের মধ্যে মূল আলোচ্য বিষয় হয়ে উঠেছে সে বিষয়ে কোনও সন্দেহ নেই।
