রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকায় পূর্বশত্রুতার জের ধরে সন্ত্রাসীদের হামলা, কুপিয়ে জখম ও গুলিবর্ষণে সুমন আলী (৪৫) ও তার ছেলে ফাহিম (২৪) গুরুতর আহত হয়েছেন। গতকাল রাত পৌনে নয়টার দিকে বসিলার মহিরগোলা এলাকায় এ ঘটনা ঘটে।
আহত দুজনকে রাত ১০টার দিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। সুমন আলী পেশায় একজন কাঁচামাল ব্যবসায়ী। তাদের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের সদর উপজেলার রাজাবাড়ি দিঘীরপাড় এলাকায়। বর্তমানে তারা মোহাম্মদপুরের বসিলা এলাকায় বসবাস করছেন।
বিজ্ঞাপন
আহতদের হাসপাতালে নিয়ে আসা স্বজন ও নিহত ফরহাদের ভাই পারভেজ জানান, গত ১৫ সেপ্টেম্বর ফুটপাতে দোকান বসানো, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কেরানীগঞ্জের আর্শীনগর এলাকার একটি সেলুনে ফরহাদ নামের এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে স্থানীয় ‘অ্যালেক্স গ্রুপ’–এর সদস্যরা। নিহত ফরহাদ ছিলেন আহত সুমন আলীর শ্যালক।
স্বজনদের দাবি, ওই হত্যাকাণ্ডের পর এজাহারভুক্ত আসামি আরমানকে পুলিশ গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। হত্যাকাণ্ডে জড়িত বাকিদের নাম প্রকাশ ও মুখ খোলার কারণে ‘অ্যালেক্স গ্রুপ’ সুমন আলী ও তার পরিবারের ওপর ক্ষুব্ধ হয়। এরই জের ধরে গতকাল রাত পৌনে নয়টার দিকে সোহেল, রমিজ, রাব্বি, মুন্না ও ইয়ামিনসহ ৭-৮ জনের একদল সন্ত্রাসী বসিলার মহিরগোলা এলাকায় তাদের ব্যবসা প্রতিষ্ঠানে অতর্কিত হামলা চালায়। সন্ত্রাসীরা অতর্কিত মারধর ও কোপানোর পাশাপাশি গুলি চালালে সুমন আলী গুলিবিদ্ধ হন এবং তাঁর ছেলে ফাহিমকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, আহত বাবা-ছেলে দুজনই ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি ইতোমধ্যে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
