Published on
:
1 min read
হুগলির শ্রীরামপুর থেকে কুখ্যাত দুষ্কৃতী রঞ্জিত সিং ওরফে কেলো-সহ মোট ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে পিয়ারাপুর এলাকা থেকে কেলোকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজ্যে পালাবদলের পর থেকেই এই কুখ্যাত দুষ্কৃতী দীর্ঘদিন ধরে গা ঢাকা দিয়ে বেড়াচ্ছিল। তার বিরুদ্ধে খুন, ডাকাতি, তোলাবাজি ও হুমকি-সহ ২১টিরও বেশি গুরুতর অপরাধের মামলা রয়েছে। পুজোর দিনগুলিতে সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিশের নজরদারি ও তল্লাশি অভিযান জোরদার করা হয়েছিল। সেই বিশেষ অভিযানের ফলেই পুলিশের জালে পড়ে কেলো।
বৃহস্পতিবার রাতে পুলিশের নাকা তল্লাশিতে একটি এসইউভি গাড়ি থেকে উদ্ধার হয় একটি বেআইনি আগ্নেয়াস্ত্র, দু'টি তাজা কার্তুজ, ১০টি তাজা বোমা এবং প্রায় দেড় লক্ষ নগদ টাকা। এছাড়া, দিল্লি রোড-সহ বিভিন্ন এলাকা থেকে আরও ১৩ জন দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে শ্রীরামপুর থানার পুলিশ। প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, সাধারণ মানুষের নিরাপত্তা বজায় রাখতে এবং অপরাধ কঠোর হাতে দমন করতে এই ধরনের অভিযান আগামী দিনেও হবে।
