
হরমুজ প্রণালিতে নৌমাইন বিস্ফোরণে একটি কনটেইনারবাহী জাহাজ ডুবে গেছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী। জাহাজটিতে আড়াই হাজারের বেশি কনটেইনার ছিল বলে জানিয়েছে ইরানি বাহিনী।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি নৌবাহিনী এ তথ্য জানায়।
বিবৃতিতে বলা হয়, জাহাজটি ইরানি বাহিনীর বর্ণিত একটি অননুমোদিত ও বিপজ্জনক নৌপথ দিয়ে চলাচলের চেষ্টা করছিল। এ সময় জাহাজটি নৌমাইনে আঘাত করলে আগুন ধরে যায়। পরে সেটি সাগরে ডুবে যায়।
তবে জাহাজটিতে থাকা কোনো নাবিক হতাহত হয়েছেন কি না, মাইনটি ঠিক কোথায় বিস্ফোরিত হয়েছে এবং কী পরিস্থিতিতে দুর্ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি ইরানি বাহিনী।
এ ঘটনায় ওই অঞ্চলে চলাচলকারী স্থানীয় জাহাজ ও জেলেদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে আইআরজিসি নৌবাহিনী।
বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, ডুবে যাওয়া জাহাজটির নাম ‘জিএফএস প্রাইড’। সিঙ্গাপুরের পতাকাবাহী জাহাজটির ধারণক্ষমতা ২ হাজার ৮২৪ কনটেইনার।
অর্থসূচক/
The post হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে ২৮২৪ কনটেইনারবাহী জাহাজ ডুবির দাবি appeared first on অর্থসূচক.
