স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ভোটার এলাকা পরিবর্তনের সুযোগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তর করতে ইচ্ছুক ব্যক্তিরা আগামী ৩১ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।
শনিবার (১৭ অক্টোবর) ইসি সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
ইসির নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ভোটার স্থানান্তরের আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৩১ অক্টোবর। আবেদন ইস্যুর শেষ সময় ৩ নভেম্বর এবং জমা পড়া আবেদন নিষ্পত্তির শেষ তারিখ ৫ নভেম্বর।
চিঠিতে বলা হয়েছে, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন উপলক্ষে আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের আবেদন গ্রহণ, ইস্যু এবং নিষ্পত্তির জন্য নির্বাচন কমিশন বিস্তারিত সময়সূচি নির্ধারণ করেছে।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
তাই আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার এলাকা বদলাতে আগ্রহীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করার পরামর্শ দিয়েছে নির্বাচন কমিশন।
