অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজে চমক দেখিয়েছিলেন রহস্য স্পিনার মোহাম্মদ রুবেল। মাত্র ৭ ম্যাচে ২৩ উইকেট শিকার করে নজর কাড়েন। সেখানে তার বোলিং গড় ছিল ৭.০৮ এবং ইকোনমি ৫.৮১। এবার তাকে জাতীয় দলের ডাকার ব্যাপারে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন।
এদিকে বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজের দলে ডাক পেয়েছেন আরক রহস্য স্পিনার আলিস আল ইসলাম। তার দেরিতে জাতীয় দলে আসার কারণ জানালেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। আলিসের ফিল্ডিংয়ে উন্নতি ঘটাতেই তাকে জাতীয় দলে আনতে সময় লেগেছে।
হাবিবুল বাশার বলেন, আমাদের আগে তো রহস্য বোলিংয়ের সুযোগ ছিল না। এখন যে ধরনের উইকেটে খেলা হয়, এরকম স্পিনার থাকলে কখনও কখনও ভালো হয়। আলিস অনেক আগে থেকেই লাইমলাইটে আছে। তার ফিল্ডিং নিয়ে উদ্বেগ ছিল। তাকে বলা হয়েছিল, এখন সে প্রস্তুত।
তিনি আরও বলেন, আমরা একটু দেখতে চাচ্ছি। আরও একজন আছে- মোহাম্মদ রুবেল। টপ অ্যান্ডে বেশ ভালো করেছে। তাকে নিয়েও আমাদের চিন্তাভাবনা আছে। রুবেলকে মাথায় রেখেছি, তাকেও ভবিষ্যতে কোথাও না কোথাও দেখব।
অস্ট্রেলিয়ার টপ অ্যান্ড টি-টোয়েন্টিতে নিজের সামর্থ্যের জানান দিয়েছিলেন রুবেল। নেপালের বিপক্ষে ৪ উইকেট দিয়ে শুরু হয়েছিল তার নজরকাড়া পারফরম্যান্স। এরপর পুরো টুর্নামেন্টে ধারাবাহিকতা ধরে রেখে ৭ ম্যাচে ২৩ উইকেট শিকার করেন তিনি। আসর শেষ করেন সর্বোচ্চ উইকেটশিকারি হিসেবে।
