সেবা রপ্তানির নামে ইনকামিং ও আউটগোয়িং কলের মাধ্যমে সাড়ে ৪০০ কোটি টাকার ওপরে অর্থপাচারের মামলায় আন্তর্জাতিক গেটওয়ে প্রতিষ্ঠান অ্যাপল গ্লোবাল টেল কমিউনিকেশন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) অভিউর রহমান খান ও চেয়ারম্যান মহি উদ্দিন মজুমদারকে পৃথক দুই ধারায় ২২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (১৯ অক্টোবর) ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক আব্দুল্লাহ আল মামুনের আদালত এ রায় দেন। দুদক প্রসিকিউটর মোহাম্মদ জহিরুল ইসলাম সাজার তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘অর্থপাচারের দায়ে তাদের ১২ বছর করে সশ্রম কারাদণ্ড ও অপরাধের সাথে সংশ্লিষ্ট ৪৬৩ কোটি ৩৭ লাখ ৪৬ হাজার ১৪৯ টাকার দ্বিগুণ ৯২৬ কোটি ৭৪ লাখ ৯২ হাজার ২৯৮ টাকা অর্থদণ্ড করা হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাদের আরো এক বছর বিনাশ্রম কারাভোগ করতে হবে। এ ছাড়া অপরাধমূলক বিশ্বাসভঙ্গের দায়ে তাদের ১০ বছর করে সশ্রম কারাদণ্ড, ১০ লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আসামিরা ৯২৬ কোটি ৭৪ লাখ ৯২ হাজার ২৯৮ টাকা পরিশোধ না করলে তাদের নামীয় স্থাবর-অস্থাবর সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত হবে বলেও রায়ে বলেছেন আদালত।’
