দীর্ঘদিনের ভোগান্তী থেকে জনগণকে সাময়িকভাবে স্বস্তি দিতে অবশেষে বান্দরবান সদর হাসপাতাল সড়কের সংস্কার কাজ শুরু হয়েছে। আজ ১৬ অক্টোবর (শুক্রবার) সকালে পার্বত্যমন্ত্রী সাচিং প্রু এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বান্দরবান সদর হাসপাতাল সড়ক পরিদর্শন করেন এবং জনগণের ভোগান্তী লাঘবে কিছুটা স্বস্তির লক্ষ্যে সড়ক সংস্কার কাজের উদ্বোধন করেন।
এসময় তিনি হাসপাতাল সড়কে চলাচলরত যাত্রীদের দুর্ভোগের কথা স্বীকার করে জানান, দ্রুত সময়ে এই সড়ক পূর্ণাঙ্গ মেরামতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সার্বিক ব্যবস্থা গ্রহণ করবে।
এসময় পৌরসভার প্রশাসক এস এম মনজুুরুল হক জানান,বন্যা ও অতিবৃষ্টিসহ নানা কারণে বান্দরবানের অন্যতম গুরুত্বপূর্ণ হাসপাতাল সড়কটি ভেঙ্গে যাওয়ায় জনদুর্ভোগ চরমে পৌঁছে গিয়েছে আর এমন সংবাদ পাওয়ার পরপরই পার্বত্যমন্ত্রী সাচিং প্রু এমপি এই সড়ক সংস্কারে কিছু অর্থ বরাদ্ধের পরপরই সড়কটি সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করছে বান্দরবান পৌরসভা।
এসময় পৌরসভার প্রধান নির্বাহী মো.লুৎফর রহমান, নির্বাহী প্রকৌশলী বিরল বড়ুয়া, প্রশাসনিক কর্মকর্তা করুণা বড়ুয়া, হিসাবরক্ষণ কর্মকর্তা নুরুল আমিন চৌধুরী আরমান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মো.ইয়াছির আরাফাত, সদর থানার ওসি মো.মাসুদ পারভেজসহ সরকারী বিভিন্ন দফতরের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত: বান্দরবানের চৌধুরী মার্কেট থেকে শুরু করে বান্দরবান সরকারি কলেজ, ফায়ার সার্ভিস, জেলা কারাগারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট অতিক্রম করে যেতে হয় বান্দরবান সদর হাসপাতাল, আর দীর্ঘদিন সংস্কার না হওয়ায় পৌরসভার সড়কটির বিভিন্ন অংশ ভেঙে গিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল।
