কালবেলা · আন্তর্জাতিক
সোমবার কুয়েত সফরে যাচ্ছেন ফরাসি প্রেসিডেন্ট
১৮/১০/২০২৬

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ সোমবার কুয়েত সফরে যাচ্ছেন। উপসাগরীয় দেশটির কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন তিনি। রোববার কুয়েতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুনার বরাতে আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, সরকারি একটি প্রতিনিধিদল নিয়ে কুয়েত সফর করবেন মাখোঁ। সফরে দেশটির আমির শেখ মেশাল আল-আহমাদ আল-জাবের আল-সাবাহর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন তিনি।
এ বছর ফ্রান্স ও কুয়েতের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৬৫ বছর পূর্তি হচ্ছে। এ উপলক্ষে দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার বিষয়টি সফরে গুরুত্ব পেতে পারে।
প্রেসিডেন্ট হিসেবে এটিই মাখোঁর প্রথম কুয়েত সফর। এর আগে ২০০৯ সালের ফেব্রুয়ারিতে ফ্রান্সের তৎকালীন প্রেসিডেন্ট নিকোলা সারকোজি দেশটি সফর করেছিলেন। এরপর এই প্রথম কোনো ফরাসি প্রেসিডেন্ট কুয়েত সফরে যাচ্ছেন।
গত বছরের জুলাইয়ে কুয়েতের আমির শেখ মেশাল ফ্রান্স সফর করেন। ওই সময় প্যারিসে মাখোঁর সঙ্গে বৈঠকে তিনি ২০২৬ সালে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৬৫ বছর পূর্তি উপলক্ষে ফরাসি প্রেসিডেন্টকে কুয়েত সফরের আমন্ত্রণ জানান।
প্যারিসের ওই বৈঠকে প্রতিরক্ষা, বিনিয়োগ, জ্বালানি ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে দুই দেশ একমত হয়েছিল।
আসন্ন সফরে এসব ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও এগিয়ে নেওয়ার পাশাপাশি ফ্রান্স ও কুয়েতের দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্ক জোরদারের বিষয়টি গুরুত্ব পেতে পারে।
সূত্র: আনাদোলু এজেন্সি
মূল প্রতিবেদনে যান ↗