জামালপুরের বকশীগঞ্জের লাউচাপড়া অবসর বিনোদন কেন্দ্রকে দেশের অন্যতম প্রধান পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ প্রকল্প বাস্তবায়িত হলে এলাকায় হাজারো তরুণ-তরুণীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে বকশীগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত সামাজিক সুরক্ষা সহায়তা প্রদান ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, লাউচাপড়াকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রকল্পটি বর্তমানে পরিকল্পনা কমিশনে রয়েছে। আগামী বছর প্রকল্পটি অনুমোদন পেলে এর উন্নয়নকাজ এগিয়ে নেওয়া সম্ভব হবে। এতে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের পাশাপাশি পর্যটন খাতের বিকাশ ঘটবে।
তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষার ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, যেকোনো মূল্যে ছেলেমেয়েদের মাদক থেকে দূরে রাখতে হবে। মাদক নিয়ন্ত্রণে কোনো ধরনের সুপারিশ বা আপস করা হবে না।
রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, গত দেড় বছরে নানা ক্ষতি ও চক্রান্ত মোকাবিলা করে সরকার জনগণকে স্বস্তি দিতে কাজ করে যাচ্ছে।
এর আগে সকালে বকশীগঞ্জে পৌঁছালে মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে একটি অর্জুনগাছের চারা রোপণ করে বৃক্ষমেলার উদ্বোধন করেন তিনি। এরপর উপজেলা অডিটোরিয়ামে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোর জন্য সরকারি সহায়তা ও অগ্নিনির্বাপক যন্ত্র বিতরণ করেন মন্ত্রী।
এ ছাড়া প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদানের চেক, দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে ঢেউটিন ও নগদ অর্থ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মেধা অনুদান দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, পুলিশ, বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতারা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
