
সাইবার হামলার ঝুঁকি এড়াতে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট। নিরাপত্তাঝুঁকি পর্যালোচনা করে অতি দ্রুত ওয়েবসাইটটি চালু করা হবে।
বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে এ সময় একটি বিজ্ঞপ্তি দেখা যায়।
এতে লেখা ছিল, ওয়েবসাইটের সেবা রক্ষণাবেক্ষণের আওতায় রয়েছে। বর্তমানে নির্ধারিত রক্ষণাবেক্ষণকাজ চলছে। শিগগিরই আমরা আবার অনলাইনে ফিরব। ধৈর্য ধরার জন্য ধন্যবাদ।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, জরুরি নিরাপত্তাজনিত সমস্যার কারণে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটটি বন্ধ রাখা হয়েছে। নিরাপত্তাঝুঁকি এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
পিএইচপি প্রোগ্রামিং ভাষার দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর সাইবার হামলার ঝুঁকি এড়াতে ওয়েবসাইট বন্ধ রাখা হয়েছে জানিয়ে কেন্দ্রীয় ব্যাংকটির এক কর্মকর্তা জানান, এটি শুধু বাংলাদেশ ব্যাংকের সমস্যা নয়। বিশ্বব্যাপী সতর্কতামূলক পদক্ষেপের অংশ হিসেবে ওয়েবসাইট বন্ধ রাখা হয়েছে। ওয়েবসাইটের নিরাপত্তা দুর্বলতা শনাক্ত ও সমাধানে কাজ চলছে। ঝুঁকি পর্যালোচনা এবং প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার পর এটি পুনরায় চালু করা হবে।
বাংলাদেশ ব্যাংক এর আগেও সাইবার হামলার শিকার হয়েছে। ২০১৬ সালে হ্যাকাররা নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে ১০ কোটি ১০ লাখ ডলার সরিয়ে নেয়। এ ঘটনার পর তৎকালীন গভর্নর আতিউর রহমান পদত্যাগ করেন।
এর আগে ২০২৩ সালেও সম্ভাব্য সাইবার হামলার আশঙ্কায় বাংলাদেশ ব্যাংক তাদের অভ্যন্তরীণ ওয়েবভিত্তিক কিছু সেবা ৩৬ ঘণ্টার জন্য বন্ধ রেখেছিল।
The post সাইবার হামলার ঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট appeared first on অর্থসূচক.
