রাজ্যের সৌরবিদ্যুৎ ক্ষেত্রে লগ্নির পরিকল্পনা করছে টাটা গোষ্ঠী। ইতিমধ্যেই একাধিক সৌর প্রকল্প গড়ে তোলার জন্য রাজ্য সরকারের কাছে প্রয়োজনীয় জমি চেয়েছে টাটা গোষ্ঠীর সংস্থা টাটা পাওয়ার-এর সহযোগী সংস্থা টাটা পাওয়ার রিনিউয়েবলস এনার্জি লিমিটেড। বৃহস্পতিবার শহরে এক অনুষ্ঠানে এ কথা জানিয়েছেন টাটা পাওয়ার-এর ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এগজ়িকিউটিভ অফিসার প্রবীর সিনহা। তিনি বলেন, ‘এই রাজ্যে ৫০০ মেগাওয়াট পর্যন্ত সৌর বিদ্যুৎ ক্ষমতার প্রকল্প তৈরিতে আমরা আগ্রহী। এক লপ্তে ৫০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ তৈরির উপযুক্ত জমি পাওয়া কঠিন হওয়ায় আমরা রাজ্যের বিভিন্ন জায়গায় একাধিক সৌর বিদ্যুৎ প্রকল্প গড়তে চাই। এর জন্য হলদিয়া-সহ বেশ কিছু জায়গায় জমির জন্য রাজ্য সরকারের সঙ্গে কথা বলা হয়েছে। আগামী বছরের বিজয়া দশমীর আগে এই প্রকল্পের অনেকটাই বাস্তবায়িত হবে বলেই আমাদের আশা।’ ৫০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ প্রকল্পের জন্য মোট ২,৫০০ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা রয়েছে বলেও তিনি জানান। সূত্রের দেওয়া খবর অনুযায়ী, হলদিয়া ছাড়াও দুর্গাপুর, বাঁকুড়ার মতো জায়গায় জমির খোঁজ চালাচ্ছে টাটা পাওয়ার রিনিউয়েবল।
