চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্যকে কেন্দ্র করে সৃষ্ট অচলাবস্থা নিরসনে ছয় সদস্যের পরামর্শক কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
সোমবার ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কমিটি গঠনের কথা জানানো হয়।
কমিটির আহ্বায়ক করা হয়েছে ইউজিসির সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ-আল-মামুনকে। কমিটির সদস্যরা হলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য অধ্যাপক ড. একরামুল হক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান এবং চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের উপা।চার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইউসুফ ইলাহী চৌধুরী, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো. মাহবুবুল হক পাটোয়ারী। কমিটির সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের অতিরিক্ত পরিচালক ড. মো. মহিউদ্দিন আহমদ।
কমিটিকে চুয়েটের বর্তমান অচলাবস্থা নিরসন এবং শ্রেণিকক্ষভিত্তিক শিক্ষাকার্যক্রম পুনরায় চালুর লক্ষ্যে সুনির্দিষ্ট সুপারিশ প্রণয়ন করে কমিশনে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ১৮ অক্টোবরের স্মারকের পরিপ্রেক্ষিতে এ কমিটি গঠন করা হয়।
অফিস আদেশে বলা হয়েছে, সুপারিশ প্রণয়নের জন্য কমিটি বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট নথি ও আনুষঙ্গিক কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করতে পারবে। পাশাপাশি প্রয়োজনীয় ব্যক্তিদের সাক্ষাৎকার গ্রহণসহ অন্যান্য প্রাসঙ্গিক কার্যক্রমও পরিচালনা করতে পারবে।
The post চুয়েটের ভিসি ইস্যুতে ইউজিসির ছয় সদস্যের কমিটি appeared first on সুপ্রভাত বাংলাদেশ.
