ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে নারায়ণগঞ্জের বন্দরে বিশেষ পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রকৌশলীর দপ্তর (এলজিইডি)।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে বন্দর উপজেলা এলজিইডি কার্যালয়ে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু হয়। পরে উপজেলা ভবন ও আশপাশের এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারে অংশ নেন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
সরকারের দেশব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে ‘নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’ প্রতিপাদ্যকে সামনে রেখে এ উদ্যোগ নেওয়া হয়।
কর্মসূচি থেকে যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলা, নির্ধারিত স্থানে বর্জ্য ফেলা, বাড়িঘর ও আশপাশে পানি জমতে না দেওয়া এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য সর্বস্তরের নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়।
র্যালি শেষে উপজেলা প্রকৌশলী এস এম সামিন ইশরাক বলেন, ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগের ঝুঁকি মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় পরিচ্ছন্নতা কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা সবার দায়িত্ব। এ জন্য প্রত্যেক নাগরিকের সচেতনতা ও দায়িত্বশীল অংশগ্রহণ প্রয়োজন।
তিনি আরও বলেন, যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা বন্ধ করতে হবে এবং নিজ নিজ বাড়িঘর, সড়ক ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। ডেঙ্গু প্রতিরোধে কোথাও যেন পানি জমে মশার প্রজননস্থল তৈরি না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার মাধ্যমে ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে।
কর্মসূচিতে উপসহকারী প্রকৌশলী মো. মিজানুর রহমান, সার্ভেয়ার জাহাঙ্গীর আলম, হিসাবরক্ষক মাসুম মিয়াসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও এলসিএস নারী কর্মীরা উপস্থিত ছিলেন।
