চাঁদপুরের মতলব উত্তরে তিন সন্তানের জননী হাসনেহেনা আক্তারের (৩০) রহস্যজনক মৃত্যুর ঘটনায় তার স্বামী মো. শাহাবুদ্দিনের (৪৬) বিরুদ্ধে হত্যা মামলা করেছেন নিহতের মা আছিয়া বেগম। রোববার (১৮ অক্টোবর) তিনি মতলব উত্তর থানায় মামলাটি করেন। পরে ওই কলেজ শিক্ষককে আদালতে পাঠিয়েছে পুলিশ।
অভিযুক্ত শাহাবুদ্দিন ছেংগারচর সরকারি কলেজের গণিত বিভাগের প্রভাষক।
শনিবার (১৭ অক্টোবর) সকালে উপজেলার এখলাসপুর ইউনিয়নের জামতলা গ্রামের নিজ বাড়ি থেকে হাসনেহেনার মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের পরিবারের অভিযোগ, অন্য এক নারীর সঙ্গে শাহাবুদ্দিনের পরকীয়ার সম্পর্ক নিয়ে তাদের দাম্পত্য জীবনে দীর্ঘদিন ধরে অশান্তি চলছিল। এ নিয়ে পারিবারিকভাবে মীমাংসার চেষ্টাও করা হয়েছিল। পরিবারের দাবি, স্বামীর সঙ্গে বিরোধের জেরে হাসনেহেনা শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছিলেন।
নিহতের খালা সালমা বেগম বলেন, আমার ভাগনি অত্যন্ত মেধাবী ও ধৈর্যশীল। পরকীয়া সম্পর্কের বিষয়টি জানার পর আমরা শাহাবুদ্দিনের সঙ্গে কথা বলেছি। কিন্তু বিষয়টির সমাধান হয়নি।
নিহতের মা আছিয়া বেগম অভিযোগ করেন, তার মেয়েকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হত। তিনি মেয়ের মৃত্যুর সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া বলেন, নিহতের মা বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে চাঁদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে রয়েছে। তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
