পুরান ঢাকার চকবাজারে মনজুর খান প্লাজা মার্কেটের একটি দোকানে লাগা আগুন সাড়ে পাঁচ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। সোমবার (১২ অক্টোবর) বিকেল চারটার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের নয়টি ইউনিটের চেষ্টায় রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে রাত সাড়ে নয়টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন। এ সময় ঘটনাস্থল ও আশপাশের এলাকায় মানুষের ভিড় ছিল।
সিরাজুম মুনিরা জামে মসজিদের বিপরীত পাশে থাকা মার্কেটটিতে আগুন লাগে। আগুনের তীব্রতা কমে এলেও ভবনের ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছিল। আগুনের উৎস শনাক্ত করতে কাজ করছিলেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
এম এম লোদারের খোরশেদ আলম বলেন, ছয়তলা থেকে আগুনের সূত্রপাত। পরে তা সাততলায় ছড়িয়ে পড়ে। ছয় ও সাততলায় থাকা সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।
তিনি জানান, ভবনটি ১০ তলা। প্রথম থেকে চতুর্থ তলা পর্যন্ত বিভিন্ন দোকান ও শোরুম রয়েছে। পঞ্চম থেকে সপ্তম তলা পর্যন্ত রয়েছে গুদাম।
ভবনটির নিচতলায় কসমেটিকসের দোকান রয়েছে ব্যবসায়ী সাকলাইন নাদিমের। তিনি বলেন, তার দোকানের কোনো ক্ষতি হয়নি। তবে ছয়তলায় থাকা গুদামে আগুন লেগেছে। এই মুহূর্তে ভেতরের অবস্থা কী, তা বলা যাচ্ছে না।
সাকলাইন নাদিমের ভাষ্য, ছয় ও সাততলায় থাকা গুদামগুলোতে কমবেশি কসমেটিকস, লেদারের ব্যাগ, লাইটার, চশমা ও স্টেশনারি পণ্য ছিল।
ভবনের ভেতরে ঢুকে আগুন নেভানোর কাজ করা ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, আগুনের শিখা দেখা না গেলেও ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছিল। আগুনের উৎস খুঁজে বের করার চেষ্টা করছিলেন তারা।
