ঈশান কিষানের চোটে কপাল খুলছে বৈভব সূর্যবংশীর?ছবি: ANI
Published on
:
2 min read
নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে সিরিজ়ে নামার আগে ভারতের ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার বলেছিলেন, প্রথম একাদশে সুযোগ পাওয়ার জন্য এখনও অপেক্ষা করতে হবে বৈভব সূর্যবংশীকে। দুই ওপেনার সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা ভালো ফর্মে থাকায় সুযোগ পাচ্ছিল না বৈভব। কিন্তু একদিনের মধ্যেই বদলে গেল ছবিটা। নেপথ্যে তারকা ক্রিকেটার ইশান কিষানের চোট। কিউয়িদের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি থেকে ছিটকে গেলেন ঈশান। এতেই কপাল খুলতে পারে বৈভবের। সব ঠিক থাকলে শনিবারের ম্যাচেই ভারতের প্রথম একাদশে জায়গা পেতে পারে ১৫ বছরের বৈভব। সেই ইঙ্গিতই দিলেন ভারতের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক।
কী ভাবে চোট পেয়েছেন ঈশান কিষান?
নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে কুঁচকিতে চোট পেয়েছেন ইশান কিষান। তাই দ্বিতীয় ম্যাচে তাঁর খেলার সম্ভাবনা নেই। প্রথম ম্যাচেই সন্দেহ বাড়ছিল এই নিয়ে। টি-টোয়েন্টিতে ভারতের হয়ে সাধারণত তিনে নামেন ঈশান। কিন্তু বৃহস্পতিবার পাঁচে নামায় প্রশ্ন উঠেছিল। প্রথমে মনে হয়েছিল, ব্যাটিং অর্ডারে নতুন পরীক্ষা করছে টিম ম্যানেজমেন্ট। কারণ, তিলক বর্মা নিজের চেনা পজিশন তিন নম্বরে নেমেছিলেন। কিন্তু পরে এই নিয়ে জল্পনা মেটান ব্যাটিং কোচ সীতাংশু কোটাক। তিনি জানান, কুঁচকির সমস্যার কারণেই ঈশানকে নীচের দিকে নামানো হয়েছিল।
ঈশানের জায়গায় সুযোগ পাবে বৈভব?
হ্যাগলে ওভালে ঈশান খেলতে না পারলে দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা বাড়বে বৈভবের। সে ক্ষেত্রে ওপেনে অভিষেকের সঙ্গে দেখা যেতে পারে বৈভবকে। ব্যাটিং অর্ডারে বদল হতে পারে সঞ্জু স্যামসনের। এই নিয়ে মুখ খুলেছেন সীতাংশু কোটাক। তিনি বলেন, ‘ইশান কিষানের কুঁচকিতে সামান্য চোট রয়েছে। সেই কারণেই তিলক বর্মাকে প্রথম ম্যাচে উপরে ব্যাট করতে পাঠানো হয়েছিল। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইশানের খেলার সম্ভাবনা কম। মেডিক্যাল টিমের পরামর্শ অনুযায়ী, ও পুরোপুরি সুস্থ না হলে খেলবে না। সে ক্ষেত্রে বৈভব অবশ্যই সুযোগ পাওয়ার অন্যতম জোরালো দাবিদার।’
কবে আয়োজিত হবে দ্বিতীয় টি-টোয়েন্টি?
ভারত-নিউ জ়িল্যান্ড সিরিজ়ের দ্বিতীয় টি-টোয়েন্টি হবে খেলা হবে ২৪ অক্টোবর, হ্যাগলে ওভালে। পাঁচ ম্যাচের সিরিজ়ে ইতিমধ্যেই ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত। প্রথম ম্যাচে দুই বল বাকি থাকতে চার উইকেটে জিতেছিল তারা। এ বার দ্বিতীয় ম্যাচেও জয় তুলে নিয়ে ব্যবধান বাড়ানোই লক্ষ্য টিম ইন্ডিয়ার। তবে ক্রিকেটপ্রেমীদের নজর থাকবে বৈভব সূর্যবংশী সুযোগ পান কি না, সে দিকে।
