আজকাল ওয়েবডেস্ক: এক যুবতীকে ঘরে একা পেয়ে হাত ধরে টেনে নিয়ে গিয়ে তুলে নিয়ে যাওয়ার চেষ্টার চাঞ্চল্যকর অভিযোগ উঠল। হাওড়ার শিবপুর থানার এলাকার শেখপাড়ায় দিনেদুপুরে ঘটে যাওয়া এই ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। এই ঘটনায় শিবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে নির্যাতিতার পরিবার। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে । লিখিত অভিযোগ পাওয়ার পর মূল অভিযুক্তকে আটক করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে স্থানীয় একটি নির্মীয়মান ভবনের পাশে। নির্যাতিতার পরিবারের অভিযোগ, দুপুরে যুবতীর মা ছাদে কাপড় মেলতে যাওয়ার সুযোগ নিয়ে পাশের একটি নির্মীয়মান বিল্ডিং থেকে কয়েকজন যুবক ওই বাড়িতে প্রবেশ করে। অভিযোগ, রাজ নামের এক যুবক সহ কয়েকজন মিলে ওই যুবতীর হাত ধরে টেনে জোরপূর্বক সিঁড়ির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে।
পরিবারের দাবি, যুবতীর ছোট বোন এই ঘটনাটি দেখতে পেয়ে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ও পরিবারের অন্যান্য সদস্যরা ছুটে আসেন। বাধা দিতে গেলে যুবতীর মাকে ধাক্কা মেরে দেওয়ালে ফেলে দিয়ে অভিযুক্তরা পালিয়ে যায় বলে অভিযোগ। নির্যাতিতার পরিবারের আরও অভিযোগ, ওই এলাকায় দীর্ঘদিন ধরে কিছু যুবকের উপদ্রব রয়েছে এবং সেখানে নিয়মিত অসামাজিক কার্যকলাপ চলে। এই ঘটনার জেরে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয় বাসিন্দারা।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার পর পরই শিবপুর থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে এই ঘটনার অভিযোগ পাওয়ার পর একজনকে আটক করা হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে । ইতিমধ্যে তদন্ত শুরু করা হয়েছে।
