‘Resilience Starts at Home’—‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের নলডাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র্যালি, দুর্যোগ মোকাবিলার মহড়া এবং উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
নলডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. নাহিদুল ইসলাম নাহিদ।
অনুষ্ঠনের শুরুতে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. গোলাম মোস্তফার নেতৃত্বে আগুন নিয়ন্ত্রণসহ বিভিন্ন ধরনের দুর্যোগ মোকাবিলার কৌশল প্রদর্শন করা হয়। মহড়ায় অগ্নিকাণ্ডের সময় করণীয়, দুর্যোগের ঝুঁকি কমানোর উপায় এবং জরুরি পরিস্থিতিতে নিরাপদে মোকাবিলা করার বিভিন্ন কৌশল বাস্তবভিত্তিকভাবে তুলে ধরা হয়।
আলোচনা সভায় প্রকৌশলী মো. শমসের হোসেন, পল্লী ও দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের (পিডিএফ) কর্মকর্তা মো. সাহাদত হোসেন, সমাজসেবক ইয়াছিনুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে আয়োজিত এসব কর্মসূচিতে দুর্যোগের ঝুঁকি হ্রাস, আগাম প্রস্তুতি গ্রহণ এবং দুর্যোগ মোকাবিলায় সাধারণ মানুষের সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে ব্যক্তি, পরিবার ও সমাজপর্যায়ে প্রস্তুতি নেওয়ার প্রয়োজনীয়তাও তুলে ধরা হয়।
এই বাংলা/এমএস
