ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অগ্নিকাণ্ডে মো. সোহাগ মিয়া নামে এক বাক্প্রতিবন্ধী ব্যক্তির বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে ঘরের আসবাবপত্রসহ সব মালামাল পুড়ে গেছে। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
রোববার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের মধ্যনগর গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হঠাৎ সোহাগের ঘরে আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন তা নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে বাঞ্ছারামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে ঘর ও ভেতরে থাকা আসবাবপত্রসহ প্রয়োজনীয় মালামাল পুড়ে যায়।অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি। তবে ঘরে থাকা আইপিএসের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।
এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে ঘর ও মালামাল হারিয়ে বিপাকে পড়েছে সোহাগের পরিবার।
সোহাগ মিয়া ওই গ্রামের গোলাম মোস্তফার ছেলে। স্থানীয়দের ভাষ্য, আগুনে পরিবারের থাকার ঘর ও প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে যাওয়ায় তাঁরা দুর্ভোগে পড়েছেন।
এ অবস্থায় ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে দাঁড়াতে উপজেলা প্রশাসন ও সমাজের বিত্তবানদের প্রতি সহায়তার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।
The post বাঞ্ছারামপুরে আগুনে পুড়ল বাক্প্রতিবন্ধী সোহাগের বসতঘর, ক্ষতি ৫ লাখ টাকা appeared first on The voice of Brahmanbaria || Local news means the world is.
